
মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর: শেরপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী বৃদ্ধ দাদাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ জুলাই) দিবাগত রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত ওই বৃদ্ধকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্ত শমেজ উদ্দিন বইট্টা (৬৫) সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের যোগিনীবাগ ভিটাকান্দা এলাকার মৃত ওহেদ আলীর ছেলে।
ভুক্তভোগীর স্বজন ও মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। গত রোববার বিকেলে বাইট্টা মিয়া শিশুটিকে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের পর বিষয়টি কাউকে না বলার হুমকি দেয়। কিন্তু শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে কান্নাকাটির একপর্যায়ে স্বজনরা ঘটনা জানতে পারে। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শিশুটির বড় ভাই বাদী হয়ে মঙ্গলবার রাতে সদর থানায় অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয়রা জানান, শমেজ উদ্দিন বইট্টা গত দুই মাস আগেও এমন ঘটনা ঘটিয়েছে। তার বিরুদ্ধে গ্রামে যৌন হয়রানির একাধিক অভিযোগ রয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবাইদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।