
নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে ২৬০ বোতল ভারতীয় মদসহ একটি পিকআপ ভ্যান জব্দ করেছে র্যাব-১৪।
শুক্রবার (১১ জুলাই) সকালে উপজেলার পশ্চিম চাঁদগাও এলাকা থেকে এই মদ বোঝাই পিকআপটি জব্দ করা হয়। জব্দকৃত মদের বাজার মূল্য প্রায় ১২ লাখ টাকা।
র্যাব জানায়, সীমান্তবর্তী এলাকা থেকে পিকআপে করে ভারতীয় মদ ঢাকায় পাচার করা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ জামালপুর ক্যাম্পের একটি দল শুক্রবার সকাল সাড়ে ৭ টার দিকে অভিযান চালায়। অভিযানকালে পশ্চিম চাঁদগাও এলাকার তিনানি-নন্নী গ্রামের পাকা রাস্তার পাশে অবস্থান নিলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পিকআপ চালকসহ মাদক কারবারীরা পালানোর চেষ্টা করে। কিছু সময় ধাওয়ার পর পিকআপ ফেলে পালিয়ে যায় জড়িতরা। পরে স্থানীয়দের উপস্থিতিতে পিকআপ তল্লাশি করে ২৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে র্যাব।