
নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়িতে পৃথক স্থান থেকে পৃথক সময়ে একজন অজ্ঞাতনামা বৃদ্ধের এবং একজন মানসিক ভারসাম্যহীনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার শহরের আড়াইআনী বাজারের গ্রামীণ ব্যাংক টাওয়ার সংলগ্ন একটি পতিত বাসা থেকে মানসিক ভারসাম্যহীন বাবুল মিয়া (৪৫) ও দাওধারা গারো পাহাড় থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উপজেলার কিল্লাপাড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে বাবুল মিয়া একজন দিনমজুর এবং মানসিক ভারসাম্যহীন। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ভবঘুরের মতো ঘুরে বেড়াতো। দুপুরে স্থানীয় লোকজন গ্রামীণ ব্যাংকের টাওয়ার সংলগ্ন একটি পতিত বাসার মেঝেতে বাবুল মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে বিকেলে স্থানীয় রাখাল দাওধারা গারো পাহাড়ে গরু চড়াতে গেলে অজ্ঞাতনামা এক বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখেন। একপর্যায়ে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, অজ্ঞাতনামা ওই বৃদ্ধকে তারা পাহাড়ে ঘুরাঘুরি করতে দেখেছেন। তবে তার পরিচয় জানেন না।
বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, বাবুল মিয়া আগে থেকেই অসুস্থ ছিলেন। তবে মৃত্যুর কারণ জানা যায়নি। এছাড়া অজ্ঞাতনামা বৃদ্ধ ভবঘুরে ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। যদিও তার নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে মরদেহের স্থানে বন্যহাতি বিচরণের চিহ্ন পাওয়া গেছে। আশপাশে এখনো বন্যহাতি বিচরণ করছে। যদিও বৃদ্ধের গায়ে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। উভয় মরদেহ মর্গে পাঠানো হয়েছে।