
বান্দরবান : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় সৈয়দ নূর (৩১) নামে এক যুবককে অপহরণের পর মুক্তিপণ আদায় করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, যাদের মধ্যে দুজন রোহিঙ্গা নাগরিক।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুর সাড়ে ১২টায় অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গত ১৮ জুলাই দুপুর আড়াইটার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের আমতলী এলাকার একটি ইটভাটার পাশ থেকে সৈয়দ নূরকে অপহরণ করা হয়। পরে ২১ জুলাই ডুলুবুনিয়া এলাকার গহীন পাহাড়ের খাদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, নিহত সৈয়দ নূর ও অভিযুক্ত মোহাম্মদ ইছমাইল (২৭) পরস্পরের পরিচিত ছিলেন। ইছমাইলের কাছ থেকে ৭০ হাজার টাকা ধার নিয়েছিলেন সৈয়দ নূর। ওই টাকা ফেরত না দেওয়ায় বিরোধ তৈরি হয়। স্থানীয়ভাবে সালিশ বসে টাকা ফেরতের সিদ্ধান্ত হলেও ইছমাইল ক্ষিপ্ত হয়ে হত্যার পরিকল্পনা করেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ইছমাইল পূর্বপরিকল্পিতভাবে রোহিঙ্গা দুই সহযোগী রহমত উল্লাহ (৩২) ও আলী হোসেন ওরফে মুনিয়াকে ভাড়া করে অপহরণের পরিকল্পনা বাস্তবায়ন করেন। ভিকটিমকে টাকা দেওয়ার কথা বলে ডেকে এনে অপহরণ করা হয়। এরপর সৈয়দ নূরের মোবাইল ফোন দিয়ে তার স্ত্রীকে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা পাওয়ার পরও তাকে নির্মমভাবে পিটিয়ে ও গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়।
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে প্রথমে ঘুমধুম থেকে ইছমাইলকে এবং পরে তার দেওয়া তথ্য অনুযায়ী রহমত উল্লাহকে গ্রেপ্তার করে। উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেপ্তার করা হয় আলী হোসেনকে। তাদের দেখানো মতে উদ্ধার করা হয় নিহতের ব্যবহৃত ডিসকভার মোটরসাইকেলটিও।
এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় ১৯ জুলাই একটি হত্যা মামলা রুজু হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।