
বান্দরবান : বান্দরবানের আলীকদম উপজেলার প্রত্যন্ত অঞ্চল কুরুকপাতা ইউনিয়নের একটি জুমঘরে গুলিবিদ্ধ হয়ে মো. ত্বোহা বিন আমিন (২২) নামে এক পর্যটক নিহত হয়েছেন। ঢাকার ডেমরার বাসিন্দা ত্বোহা বন্ধুদের সঙ্গে ভ্রমণে গিয়েছিলেন।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুর সাড়ে ১২টায় অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ জুলাই সকালে আলীকদমের তরনীপাড়া এলাকার একটি জুমঘরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ত্বোহার সঙ্গে আরও চারজন বন্ধু ছিলেন। এদের মধ্যে মীর মাহাদী হাসান নাবিল (২০) একটি গাদা বন্দুক হাতে নিয়ে ছবি তুলতে গিয়ে বন্দুকের ট্রিগারে চাপ পড়ে গুলি বের হয়ে ত্বোহার বুকে লাগে।
জানা যায়, ২০ জুলাই রাতে পাঁচজন বন্ধু জুমঘরে অবস্থান করছিলেন। পরদিন সকালে তারা চালার ভেতরে একটি একনলা দেশীয় বন্দুক দেখতে পান। কৌতূহলবশত সেটি হাতে তুলে নেন নাবিল। তখন তিনি ত্বোহাকে উদ্দেশ করে ছবি তোলার সময় বন্দুক থেকে গুলি বের হয়ে ত্বোহার বুকে লাগে। ঘটনাস্থলেই ত্বোহার মৃত্যু হয়।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ও সুরতহাল রিপোর্ট তৈরি করে। অভিযুক্ত নাবিলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র ও হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের মা বাদী হয়ে আলীকদম থানায় মামলা করেছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।