
সুমন মিয়া, বকশীগঞ্জ (জামালপুর): জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় দশানী নদীতে অবৈধভাবে মাছ ধরার উদ্দেশ্যে বিছানো নিষিদ্ধ রিং জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার দশানী নদীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। সঙ্গে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা বেগম এবং বকশীগঞ্জ থানা পুলিশের একটি দল।
অভিযানে নদী থেকে প্রায় ৪০টি নিষিদ্ধ রিং জাল জব্দ করা হয়। পরে স্থানীয় জনগণের উপস্থিতিতে এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা বেগম বলেন, রিং জাল ব্যবহার করে মাছ শিকার একদিকে যেমন পরিবেশের জন্য ক্ষতিকর, তেমনি ছোট মাছ ও ডিমওয়ালা মা মাছ নিধনের কারণে জলজ প্রাণ বৈচিত্র্য হুমকির মুখে পড়ে। তাই আমাদের অভিযান চলমান থাকবে।
তিনি আরও বলেন, অবৈধ জালের বিস্তার রোধে স্থানীয়দের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচার-প্রচারণা চালানো হবে এবং নদী ও জলাশয়গুলোতে নিয়মিত মনিটরিং চালানো হবে।