
বান্দরবান : ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান প্রশিক্ষণ চলাকালে দুর্ঘটনায় নিহত উক্যছাইং মারমার মরদেহ গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া কলেজপাড়া এলাকার নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। মরদেহ পৌঁছালে পরিবার-পরিজন ও এলাকাবাসীর আহাজারিতে ভারি হয়ে ওঠে চারপাশ। কেউই বিশ্বাস করতে পারছিলেন না, সেই নিস্পাপ শিশুটি এভাবে চিরবিদায় নেবে। এক রাত ও এক দিন নিজ বাড়িতে রাজস্থলী খেয়াংদং পাড়া রাখা হয় তার মরদেহ। পরে বুধবার (২২ জুলাই) বিকেলে বৌদ্ধ ধর্মীয় আচার-অনুষ্ঠান অনুযায়ী তাকে সৎকার করা হয়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির এই ছাত্রের অকাল প্রয়াণে গোটা এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। তার বাবা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পরিচালিত রাজস্থলী উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক উসাই মং মারমা এবং মা ডেজিপ্রু মারমাও বান্দরবানে রুমা উপজেলার ক্যকতাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। নিহত উক্যছাইং মারমা তাদের একমাত্র সন্তান।
স্থানীয় এক প্রতিবেশী জয় মারমা বলেন, ছেলেটি ছোটবেলা থেকেই ভদ্র, নম্র ও অত্যন্ত মেধাবী ছিল। গান-বাজনার প্রতিও তার গভীর আগ্রহ ছিল, বিশেষ করে গিটারে সুর তোলার ক্ষেত্রে ছিল সে দক্ষ। কিন্তু আজ এক মর্মান্তিক দুর্ঘটনায় তার অকাল মৃত্যুতে আমরা সবাই স্তব্ধ। একমাত্র ছেলেকে হারিয়ে তার বাবা-মা এবং এলাকাবাসী গভীর শোকে নিস্তব্ধ হয়ে পড়েছে।
একসঙ্গে বেড়ে ওঠা সহপাঠী মংটিং তো মারমা বলেন, প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত আমরা একসঙ্গে লেখাপড়া করেছি। এরপর ও উচ্চশিক্ষার জন্য ঢাকায় পাড়ি জমায়। স্কুল ছুটির সময়গুলোতে প্রায়ই আমি তার বাসায় যেতাম। একসঙ্গে ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, ঘুরাঘুরি করতাম- সেইসব স্মৃতি আজও মনে আছে। যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বন্ধুটির মৃত্যুর খবর শুনে যেন বুকটা ছিঁড়ে গেল। বিশ্বাসই হচ্ছে না, সে আর নেই! আমার প্রাণপ্রিয় বন্ধু, যেখানেই থাকো, শান্তিতে থেকো।
কান্নাভেজা কণ্ঠে বিদায় জানাতে এসে পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা শারমিন আক্তার বলেন, উক্যছাইং ছিল আমাদের ফুল, আমাদের সন্তান। সে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ছিল। তার স্বপ্ন ছিল একদিন ক্যাডেট হওয়ার। সেই স্বপ্ন অপূর্ণই থেকে গেল।
তিনি আরও বলেন, এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়। তাই কোনোমতেই মেনে নিতে পারছি না। শিক্ষা প্রতিষ্ঠান মানে নিরাপত্তার জায়গা। যেখানে শিক্ষার্থীরা নিরাপদ থাকবে বলে আমরা বিশ্বাস করি। অথচ এমন একটি দুর্ঘটনা যেনো আমাদের সেই বিশ্বাসকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিলো। এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়।
ছেলের মৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন মা-বাবা। একমাত্র সন্তানকে হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত মা ডেজিপ্রু মারমা। শোকে কাতর হয়ে এদিক-সেদিক তাকিয়ে বারবার হাউমাউ করে কাঁদছেন তিনি।
ভাঙা কণ্ঠে বলছেন, “আমার সব শেষ হয়ে গেল… আমার স্বপ্ন এক নিমিষেই নিভে গেল।
ছেলের ভবিষ্যৎ ইচ্ছা প্রসঙ্গে বাবা উসাইমং মারমা বলেন, আমি ওর জন্য কিছুই করতে পারলাম না, এটাই আমার সবচেয়ে বড় কষ্ট। অথচ আমি জানি, সে ছিল এক অসাধারণ মেধাবী সন্তান। রাস্তায়, মোবাইলে কিংবা টেলিভিশনে যেকোনো গাড়ি দেখলেই অনায়াসে বলে দিত সেই গাড়ির নাম, মডেল সবকিছু। ওর ভেতরে এক ধরনের সৃজনশীলতা ছিল, যেটা সত্যিই চোখে পড়ার মতো। ওর স্বপ্ন ছিল, বড় হয়ে একজন ইঞ্জিনিয়ার হবে।”
ছেলের ছোটবেলার নানা কষ্টের কথা স্মরণ করে তিনি আরও বলেন, আমার সবচেয়ে বড় দুঃখ, সে ছোটবেলা থেকেই নানা ট্র্যাজেডির মধ্য দিয়ে বড় হয়েছে। এমনকি গত বছরও দেড় মাস চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে থাকতে হয়েছিল। দুর্ঘটনার একদিন আগেও ওর সঙ্গে কথা হয়েছিল। বলেছিলাম, ‘বাবা, তুমি ভালো করে থেকো। আমি আগামী মাসে আসছি। তোমার যা যা দরকার, সব নিয়ে আসব।’ কে জানত, এটাই হবে আমাদের শেষ কথা! সেটাই ছিল নির্মম পরিহাস।
ছেলের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগভরা কণ্ঠে বলেন, প্রতিদিন স্কুল থেকে ফিরে ফোন করে বলত, ‘বাবা, বিকেলে তোমার সঙ্গে একটু কথা বলব।’ মাত্র ১০-১৫ মিনিটের জন্য ছুটি হতো না ওর। এর মধ্যেই সব শেষ হয়ে গেল। এখন মনে হয়, ওর বলা প্রতিটি কথা, প্রতিটি মুহূর্ত- সবই এখন শুধুই স্মৃতি। বারবার নিজেকে বোঝাতে চেষ্টা করছি, কিন্তু কিছুতেই মেনে নিতে পারছি না- সে আর আমাদের মাঝে নেই।
উক্যছাইং-এর মৃত্যুতে বান্দরবানসহ পুরো পার্বত্য চট্টগ্রামে নেমে এসেছে শোকের ছায়া। রাজবিলা ইউনিয়ন, স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান, সহপাঠী, শিক্ষক, সংস্কৃতিকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ তার পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ, সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হলে দগ্ধ হয় ওই বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে ইংরেজি ভার্সনে উক্যচিং মারমা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা সব চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি। সোমবার (২১ জুলাই) রাত ২টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে উক্যচিং মারমার মৃত্যু হয়।