
বান্দরবান : বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় উথোয়াইশৈ মারমা (১৮) নামে এক যুবককে পাথর দিয়ে নির্মমভাবে হত্যার পর নদীতে লাশ ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার ৩৬ ঘণ্টা পর রোয়াংছড়ি থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত উথোয়াইশৈ মারমা রোয়াংছড়ি উপজেলার ৪নং নোয়াপতং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খক্ষ্যং পাড়ার বাসিন্দা শৈচনু মারমার ছেলে।
পুলিশ জানায়, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩নং আলেক্ষ্যং ইউনিয়নের ৪নং ওয়ার্ড শীলবান্ধা পাড়ার সাবেক ইউপি সদস্য সিংনুমং মারমার ছেলে উনুসিং মারমা (২৬) এবং একই পাড়ার লোওয়াইসামং মারমার ছেলে হ্লাথোয়াইহ্রী মারমা (২৮) কে আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৬ জুলাই) গভীর রাতে উথোয়াইশৈ মারমাকে হত্যা করা হয়। এরপর রবিবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ইউপি সদস্য অংসিংনু মারমা নিহতের পরিবারকে বিষয়টি জানান। নিহতের পিতা শৈচনু মারমা ছেলের খোঁজে ছুটে যান শীলবান্ধা এলাকায় এবং স্থানীয়দের কাছ থেকে হত্যাকাণ্ডের বিস্তারিত জানতে পারেন। এরপর তিনি রোয়াংছড়ি থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে বান্দরবান জেলা অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে’র নেতৃত্বে রোববার (২৭ জুলাই) সকালে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযানে নামে। অভিযানে কচ্ছপতলি ক্যাম্পের সেনা সদস্যরাও সহযোগিতা করেন। দুপুর দেড়টার দিকে তারাছা খালের বেক্ষ্যং পাড়া এলাকা থেকে উথোয়াইশৈ মারমার মরদেহ উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত পাথর ও বাঁশের কঞ্চি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।