
নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া সীমান্তে চোরাই পথে আনা ভারতীয় ১০ হাজার পিস জিলেট বেøড ও ৬শ কেজি জিরা এবং পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া সীমান্তে ৩শ পিস ডাব সাবান, ১৬৬ পিস জনসন বেবি শ্যাম্পু ও ৩ হাজার ১৯২ পিস কাবেরি মেহেদী জব্দ করেছে রামচন্দ্রকুড়া এবং গোবরাকুড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা। জব্দকৃত এসব পণ্যের বাজার মূল্য প্রায় ১৪ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি’র পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে পানিহাতা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে রামচন্দ্রকুড়া ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা ১০ হাজার পিস জিলেট বেøড জব্দ করে। একই দিন গোবরাকুড়া ক্যাম্পের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ৩১৯২ পিস কাবেরি মেহেদী জব্দ করে।

পরদিন সোমবার ভোরে রামচন্দ্রকুড়া ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে মায়াঘাসি এলাকা থেকে ২০ বস্তা জিরা ও একই দিন গোবরাকুড়া ক্যাম্পের বিজিবি সদস্যরা গোবরাকুড়ায় অভিযান চালিয়ে ৩শ পিস ডাব সাবান এবং ১৬৬ পিস জনসন বেবি শ্যাম্পু জব্দ করে। তবে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে অভিযানের আগেই পালিয়ে যায় চোরাকারবারীরা।

ময়মনসিংহ বিজিবি ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।