
নালিতাবাড়ী (শেরপুর) : স্ত্রী এবং মায়ের মাঝে বনিবনা না হওয়ায় পারিবারিক কলহের একপর্যায়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে নূর হোসেন নামে এক সন্তানের জনক।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের কালাকুমা গ্রামে এ ঘটনা ঘটে।
পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, প্রায় দুই বছর আগে একই ইউনিয়নের ঘাকপাড়া গ্রামে পারিবারিকভাবে বিয়ে করে নূর হোসেন। বিয়ের পর থেকেই স্ত্রীর আর মায়ের সাথে তার প্রায়ই কলহ লাগতো। উভয় কূল রক্ষা করতে গিয়ে মানসিক চাপে ছিল নূর হোসেন। আর্থিক লেনদেন নিয়েও কিছুটা মানসিক চাপ ছিল বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার দুপুরে শ^শুড়ালয় থেকে নিজ বাড়ি ফেরে নূর হোসেন। ফেরার সময় স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে আসে। এতে স্ত্রীর সুমাইয়ার সন্দেহ হলে শ^শুড়ের কাছে সুমাইয়া ফোন করে নূর হোসেনের খোঁজ নিতে বলে। পরে ঘরে খোঁজতে গিয়ে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় নূর হোসেনের মরদেহ দেখতে পান পিতা শামছুল হক। এসময় জানাল কাছে বেড়ায় নূর হোসেনের হাতের লেখা পাওয়া যায় এবং একটি ডায়েরিতে চিরকুট পাওয়া যায়। চিরকুটে স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে একমাত্র কন্যাশিশুর জন্য আফসোস করে এবং দেনা-পাওনা মেটাতে বাবার কাছে অনুরোধ করে নূর হোসেন। তবে মৃত্যুর জন্য কাউকে দায়ী করে যায়নি।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যার কারণ জানতে তদন্ত চলছে।