
নালিতাবাড়ী (শেরপুর) : ইয়াবা সেবনকালে পুলিশের হাতেনাতে ধরা পড়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়েছে আকাশ নামে এক যুবক। আকাশ ছিটপাড়া মহল্লার আব্দুর রশিদের ছেলে।
গত রোববার (৩ আগস্ট) রাতে শেরপুরের নালিতাবাড়ী শহরের ঢাকা বাস স্টেশন এলাকায় তাকে গ্রেফতার দণ্ড প্রদান করা হয়। দণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের ঢাকা বাস স্টেশন এলাকায় রোববার রাতে অভিযান চালায় থানা পুলিশ। এ সময় আকাশকে ইয়াবা সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আকাশকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।