
সাইফুল ইসলাম জুয়েল, ঝিনাইগাতী : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় পূর্ব শত্রুতার জেরে প্রকাশ্যে এক গৃহবধূর উপর শুকনা মরিচের গুঁড়া ছিটিয়ে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ছাইফুল ইসলাম নামে এক মুদি দোকানদারের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার (১০ জুলাই) উপজেলার ধানশাইল দক্ষিণ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী বিউটি আক্তার জানান, অভিযুক্ত সাইফুল ইসলাম পশ্চিম ধানশাইলের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য দেলোয়ার হোসেনের দোকানঘরের ভাড়াটিয়া। দুই বছর আগে লেনদেন নিষ্পত্তি করে তিনি দোকানটি ছাড়িয়ে নিলে সাইফুলের সাথে বিরোধের সূত্রপাত হয়। বৃহস্পতিবার বিকেলে বাজারে কেনাকাটা শেষে ছাইফুলের দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি হঠাৎ তার স্বামী দেলোয়ার হোসেনকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এর প্রতিবাদ করলে কথা কাটাকাটির একপর্যায়ে সাইফুল তার দোকানে থাকা শুকনা মরিচের গুঁড়া বিউটির শরীরে ছিটিয়ে দেন এবং লাঠি হাতে মারধরের জন্য এগিয়ে আসেন। এসময় পাশে থাকা অন্যা দোকানদাররা এগিয়ে এসে বিউটিকে রক্ষা করে বাড়ি পাঠিয়ে দেন। পরে রাতেই এ ঘটনায় বিউটি ঝিনাইগাতী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
সাইফুল ইসলাম এ অভিযোগ অস্বীকার করে বলেন, তর্কবিতর্ক হয়েছিল ঠিকই, কিন্তু মরিচের গুঁড়া ছিটিয়ে দেওয়া বা শ্লীলতাহানির মতো কিছু করিনি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, বিষয়টি সামাজিকভাবে উভয় পক্ষকে আপোষ-মীমাংসার জন্য পরিষদে আহ্বান করা হয়েছিল। পরবর্তীতে কোনো পক্ষই যোগাযোগ করেনি।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা না হওয়ায় আইনানুগভাবে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।