
শেরপুর : শেরপুরের শ্রীবরদীতে অসুস্থ স্ত্রী খোরশেদা বেগমকে জীবন্ত আংশিক মাটি চাপা দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে স্বামী খলিলুর রহমানের বিরুদ্ধে। শুক্রবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর কানিপাড়া বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
শুক্রবার ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, খলিলুর রহমান উঠানে আগে থেকেই সামান্য গর্ত করে রেখেছেন। পরে তার স্ত্রী খোশেদা বেগমকে ঘর থেকে টেনে উঠানে নিয়ে এস ওই গর্তে শরীরের একাংশ রেখে উপরে কোদাল দিয়ে মাটি দিচ্ছেন আর রাগ ঝাড়ছেন। এতে অসুস্থ ওই বৃদ্ধা চিৎকার করছেন। খলিলুর রহমানের এমন কর্মকাণ্ড প্রতিবেশিরা দেখলেও খোশেদা বেগমকে রক্ষায় কেউ এগিয়ে আসছেন না। তবে তাদের নাতি খোকন (১৯) ওই ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করেন। এরপরই ওই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
স্থানীয়রা জানান, কয়েক বছর ধরে পক্ষাঘাতগ্রস্ত হয়ে শয্যাশায়ী বৃদ্ধা খোশেদা বেগম। অনেক সেবা ও চিকিৎসা করেও তিনি সুস্থ হননি। ঘটনার দিনও স্ত্রীর মলমূত্র ত্যাগের জন্য বাজার থেকে কমোড কিনে আনেন। দীর্ঘসময় অসুস্থ স্ত্রীর যন্ত্রণা সইতে না পেরে অতিষ্ঠ হয়ে ওঠেন খলিলুর রহমান। সেই রাগ থেকেই এমন ঘটনা ঘটিয়েছেন।
প্রতিবেশিরা জানান, সবার সঙ্গে হাসিখুশিভাবে চলাফেরা করেন খলিল। কারও সঙ্গে কখানোই ঝামেলায় জড়ান না। তার স্ত্রীর অসুস্থতার পর থেকে মন খারাপ। দীর্ঘদিন ধরে পারিবারিক যন্ত্রণা সহ্য করায় এমনটি ঘটিয়েছেন।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার জাহিদ জানান, ভিডিও চিত্র দেখার সঙ্গে সঙ্গেই পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি স্থানীয়ভাবে সমাধান হয়েছে শুনেছি। তবে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।