
বান্দরবান : বান্দরবানের রোয়াংছড়ি সদর ইউনিয়নের পাগলাছড়া এলাকার নাতাংঝিরি থেকে শান্তি লাল তঞ্চগ্যা (৪৩) নামে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১১ আগস্ট) দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শান্তি লাল তঞ্চগ্যা রোয়াংছড়ি সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পাগলাছড়া অংকদ পাড়ার বাসিন্দা রংকুম্যা তঞ্চগ্যার ছেলে। তিনি স্থানীয় ইউনিয়ন বিএনপির সদস্য ও পেশায় দিনমজুর ছিলেন। নিয়মিত চট্টগ্রাম সাতকানিয়া ও দূরবর্তী এলাকায় কাজ করতেন এবং সাধারণত ৬-৭ দিন পর বাড়ি ফিরতেন।
পুলিশ জানায়, সকালে স্থানীয়রা নাতাংঝিরি এলাকায় লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে রোয়াংছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। অর্ধগলিত লাশে প্রচুর পোঁকা পাওয়া যায়। প্রাথমিক ধারণা, পাঁচ-ছয় দিন আগে তার মৃত্যু হয়েছে।
নিহতের স্ত্রী জলদেবী তঞ্চগ্যা জানান, তার স্বামী চার-পাঁচ দিন ধরে বাড়ি ফিরছিলেন না। মাঝে মাঝে তিনি আম বাগানের ব্যাপারিদের সঙ্গে এলাকার বিভিন্ন বাগান দেখানোর কাজ করতেন।
রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) এম জাকের আহমেদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে একটি মোবাইল টিম পাঠিয়ে স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।