
শেরপুর : ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম খাসি হিলস জেলায় সীমান্ত পেরিয়ে অবৈধ অনুপ্রবেশ ও অপহরণের চেষ্টায় জড়িত অভিযোগে এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেছেন ভারতীয়রা। স্থানীয়দের মারধরে আহত ওই বাংলাদেশি মারা গেছেন বলে মঙ্গলবার মেঘালয় পুলিশ জানিয়েছে।
জেলার পুলিশ সুপার বানরাপ জিরওয়া বলেছেন, গ্রামবাসী আহত অবস্থায় আকরামকে পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে তাকে মাহেশখোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে সেখানে মারা যান তিনি। জেলা পুলিশের বরাতের বিষয়টি নিশ্চিত করেছে ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)। নিহত ব্যক্তির নাম আকরাম হোসেন। তিনি বাংলাদেশের শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার বাকাকুড়া গ্রামের জহির উদ্দিনের ছেলে। নিহত আকরাম হোসেনের নামে মানিকগঞ্জ শিবালয় থানায় ২০২৩ সালে একটি অপহরণ মামলা রয়েছে বলে জানা গেছে।
নিহতের বড় ভাই শেখ ফরিদ জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে আকরামের মৃত্যুর খবর পেয়েছি। মরদেহ আনার জন্য আমরা বিজিবির সঙ্গে চেষ্টা চালিয়ে যাচ্ছি।
ময়মনসিংহ-৩৯ বিজিবি’র নকশী বিওপি’র সুবেদার আব্দুল লতিফ জানান, বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
সূত্র জানায়, গত সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে মেঘালয়ের খাসি হিলস জেলার রোংদাংগাই গ্রামের স্থানীয় এক বাসিন্দাকে অপহরণের চেষ্টা করে কমপক্ষে আট বাংলাদেশি। এ সময় তারা গ্রামে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করে। পরে স্থানীরা প্রতিরোধ করলে বাংলাদেশিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় আকরামসহ ছয় বাংলাদেশিকে আটক ও বেধড়ক মারধর করেন বিক্ষুব্ধ গ্রামবাসী।
পুলিশ সুপার জিরওয়া জানান, আটককৃতদের কাছ থেকে একটি রিভলভার, পরিচয়পত্র, তিনটি ওয়্যারলেস সেট এবং একটি ম্যাগাজিন জব্দ করা হয়। তাদের মধ্যে তিনজনকে আদালতে তোলা হয়েছে এবং বাকি দু’জন হাসপাতালে চিকিৎসাধীন।