
শেরপুর : শেরপুর সদর উপজেলার ছনকান্দা এলাকায় মৃগী নদীর ইলিশা ঘাটে নিখোঁজ কিশোর আব্দুল জলিলের মরদেহ একদিন পর ভাটি থেকে উদ্ধার করা হয়েছে। আব্দুল জলিল কুঠুরাকান্দা গ্রামের আব্দুস সালামের ছেলে।
রোববার (১৭ আগস্ট) দুপুরে কুঠুরাকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কাছে নেলুর ঘাট থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে ছনকান্দা এলাকায় সমবয়সী ৭ জন মিলে মৃগী নদীর ইলিশা ঘাটে গোসল করতে নামে। এসময় তিনজন স্রোতের টানে ভেসে যাওয়ার অবস্থা হলে কোনমতে দুইজন রক্ষা পায়। অপরজন আব্দুল জলিল নিখোঁজ হয়। খবর পেয়ে সন্ধ্যা পর্যন্ত জামালপুর ও শেরপুর থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালিয়ে সন্ধ্যান না পেয়ে ফিরে যায়। পরদিন রেববার সাড়ে বারোটার দিকে র কুঠুরাকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কাছে নেলুর ঘাট থেকে এলাকাবাসী জলিলের মরদেহ উদ্ধার করে।
উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জোবায়দুল আলম জানান, এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।