
বান্দরবান : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার কচুবনিয়া রাবার বাগান থেকে নুরুল আবছার (১৮) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৭ আগস্ট) সকালে উপজেলার কুমির প্রজনন কেন্দ্রসংলগ্ন রাবার বাগানে মরদেহটি পাওয়া যায়। নিহত নুরুল আবছার কক্সবাজারের উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-জি এলাকার বাসিন্দা জাফর আলমের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন।
পরিবারের সূত্রে জানা গেছে, শনিবার সকালে অটোরিকশা নিয়ে বের হওয়ার পর থেকেই নুরুল আবছার নিখোঁজ ছিলেন। রাতভর তার ব্যবহৃত মোবাইল ফোনেও যোগাযোগ করা সম্ভব হয়নি। পরদিন সকালে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয় একটি রাবার বাগানে তার গলাকাটা মরদেহ দেখতে পান। এ সময় তার অটোরিকশা ও মোবাইল ফোন পাওয়া যায়নি।
নিহতের বাবা জাফর আলম অভিযোগ করে বলেন, “আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাকে হত্যার পর অটোরিকশা ও মোবাইল ছিনতাই করা হয়েছে।”
ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) জাফর ইকবাল বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে আমরা এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড মনে করছি। নিহতের অটোরিকশা ও মোবাইল পাওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে।”