
বান্দরবান : বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় হাটবাজার শেষে বাড়ি ফেরার পথে জীপ উল্টে হ্লায়ইনু মারমা (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৬ জন আহত হয়েছে। বুধবার (২০ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার তারাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাটবাজার শেষে যাত্রীরা জীপযোগে বাড়ি ফিরছিলেন। পথে ঢালু এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই হ্লায়ইনু মারমা মারা যান। গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তারাছা ইউনিয়ন চেয়ারম্যান উনুমং মারমা বলেন, হাটবাজার শেষে ফেরার পথে জীপ উল্টে এক নারী নিহত হয়েছেন। আমি বর্তমানে ঘটনাস্থলে আছি।
বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. দিলীপ চৌধুরী জানান, দুর্ঘটনায় আহতদের মধ্যে দুইজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
ঘটনা সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ি থানার ওসি এম জাকের আহমেদ জানান, জীপ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় একজন নিহত ও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে, বিস্তারিত পরে জানানো হবে।