
মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর : খোরশেদ আলম নামে এক ইউনিয়ন পরিষদ সচিবের বিরুদ্ধে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর নামে আসা উপবৃত্তির টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠেছে শেরপুরে ঝিনাইগাতীতে।
উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের হাসলীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী স্বপ্না আক্তারের উপবৃত্তির টাকা দীর্ঘদিন ধরে তার মোবাইল নম্বর ব্যবহার করে উত্তোলন করা হচ্ছে অভিযোগ ওঠেছে।
অভিযোগকারী শিক্ষার্থীর অভিভাবক সহিজ উদ্দিন শারীরিক প্রতিবন্ধী ও হতদরিদ্র। এ নিয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগে বলা হয়, শিক্ষার্থীর উপবৃত্তির আইডি নম্বর ৯১ এবং প্রকৃত মোবাইল নম্বর ছিল ০১৯০৪৯৩৪১২৬। কিন্তু তৎকালীন মালিঝিকান্দা ইউনিয়ন পরিষদ সচিব খোরশেদ আলম বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে যোগসাজশে তার ব্যক্তিগত নম্বর ০১৯১২-৮০১৮৭৭ ব্যবহার করে নিয়মিত উপবৃত্তির টাকা তুলে নেন। বিষয়টি সমাধানে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক একাধিকবার চেষ্টা করেও ব্যর্থ হন। বর্তমানে ওই সচিব নালিতাবাড়ী উপজেলার ২নং নন্নী ইউনিয়ন পরষদে সচিব হিসেবে দায়িত্বে রয়েছেন।
ভুক্তভোগী অভিভাবক সহিজ উদ্দিন বলেন, আমি গরীব মানুষ। শারীরিকভাবে প্রতিবন্ধী। মেয়ের পড়াশোনার খরচের জন্য উপবৃত্তির টাকা খুব দরকার। অথচ ওই টাকা ইউপি সচিব আত্মসাৎ করে যাচ্ছেন।
ইউপি সচিব খোরশেদ আলম তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, আমার নগদ একাউন্টে টাকা এসেছে কিনা আমি জানি না।
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি লিখিত অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।