
শেরপুর : শেরপুরের গাজিরখামারে বিলে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ফাহিমা আক্তার নুন (৯) ও জেমি (৮) নামে দুই কন্যাশিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে সদর উপজেলার গাজিরখামার চকপাড়া এলাকার বলেশ্বর বিল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। ফাহিমা ওই এলাকার মাসেক আলীর মেয়ে এবং জেমি একই এলাকার জয়নুদ্দিনের মেয়ে।
নিহতের স্বজনরা জানান, সকালে ফাহিমা ও জেমি বাড়ির পাশের বলেশ্বর বিলে শাপলা তুলতে যায়। এরপর থেকে তারা আর বাড়ি ফিরেনি। এদিকে দীর্ঘ সময় ধরে বাড়িতে না আসায় পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বিকেলে বিলের মাঝখান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে, শাপলা তুলতে গিয়ে বিলের মাঝখানে গর্তে পড়ে যায় এবং ডুবে মারা যায়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবায়দুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।