
নালিতাবাড়ী (শেরপুর) : হাঁস নিয়ে দ্বন্দ্বের জেরে দোকানপাটে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় শেরপুরের নালিতাবাড়ী শহরতলী নয়ানিকান্দা গরুহাটি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় দুই সপ্তাহ আগে নামা ছিটপাড়া মহল্লার আফাজ উদ্দিনের ৭৫টি হাঁসের মধ্যে ১০টি হাঁস আবুল হাশেমের হাঁসের পালে সাথে নয়ানিকান্দা মাঠ থেকে মিশে চলে যায়। এরপর চলে যাওয়া হাঁসগুলো ফেরত চাইলেও আবুল হাশেম সেগুলো ফেরত দিচ্ছিলেন না। এমনকি হাশেমের হাঁসের পাল মাঠে ছাড়া বন্ধ রাখেন। এ নিয়ে দ্ব›েদ্বর সূত্রপাত।
শনিবার সকালে আফাজের ছেলে হাফিজুর নয়ানিকান্দায় হাশেমের কাছে হাঁসগুলো ফেরত চায়। এতে হাশেম ক্ষিপ্ত হয়ে ওঠেন। এসময় হাশেমের স্ত্রী খালেদা, ছেলে কাউসার ও হাফিজুরের চাচা জিয়াউর রহমান ঝগড়াস্থলে উপস্থিত হন। একপর্যায়ে উভয়পক্ষের মাঝে বাকবিতন্ডা এমনকি হাতাহাতির ঘটনাও ঘটে।
এদিকে বিকেলে এ নিয়ে আরও এক দফায় উভয়পক্ষে ঝগড়া বাধে। পরে সন্ধ্যার দিকে নয়ানিকান্দা মোড়ে থাকা জিয়াউর রহমানের চা-মুদীর দোকানে হাশেমের ছেলে কাউসার ও আল আমিনসহ বহিরাগত কয়েকজন মিলে হামলা চালায়। এসময় দোকানের আসবাবপত্র উল্টে মালামাল ছুঁড়ে ফেলে দেয় তারা এবং উভয়পক্ষে হাতাহাতি ও মারামারি ঘটনা ঘটে। পরে স্থানীয় ইউপি সদস্য আমীর হোসেন ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
ব্যবসায়ী জিয়াউর অভিযোগ করেন, তার দোকানে হামলার সময় ব্যবসা এবং সমিতির সঞ্চিত টাকা হামলাকারীরা নিয়ে গেছে। মালামাল ফেলে নষ্ট করা হয়েছে।
অন্যদিকে কাউসার জানান, তারা হাঁস নেননি। বরং তাদের ১০টি হাঁস আফাজের হাঁসের সাথে মিশে যাওয়ায় সেখান থেকে ১০টি হাঁস ফেরত নিয়েছেন। তিনি আরও জানায়, প্রতিপক্ষের লোকজন তাদের মারধর করে আহত করেছে।