
নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সাবিনা বেগম (২০) নামে এক গৃহবধূ। রোববার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার রূপনারায়নকুড়া ইউনিয়নের কৃষ্ণদেবীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুর আনুমানিক একটার দিকে সাবিনার স্বামী আবু জাফর কদমতলী বাজার হতে বাড়িতে আসেন। এসময় তিনি ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পেয়ে সাবিনাকে ডাকাডাকি করে কোন সাড়া পাননি। ফলে ধাক্কা দিয়ে দরজা খুলে ঘরের ভেতরে গেলে সাবিনার গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেরপুর মর্গে পাঠায়।
পরিবার সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস আগে সাবিনার বিয়ে হয়। সে মানিসকভাবে কিছুটা বিকারগ্রস্থ ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।