
বান্দরবান : বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের পাগলীর আগা সড়কের পাশের ঝোপ থেকে নিখোঁজের চার দিন পর ১৬ মাস বয়সী আশরাফুল ইসলামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে গ্রামের পাশের পাগলা ঝিড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আশরাফুল ইসলাম ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের পাগলীর আগা পাড়া গ্রামের মোহাম্মদ ইলিয়াসের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত রবিবার (২৪ আগস্ট) দুপুরে খেলার সময় হঠাৎ নিখোঁজ হয়ে যায় আশরাফুল। এরপর পরিবার ও গ্রামবাসীরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার সন্ধান মেলেনি। গত বৃহস্পতিবার বিকেলে কয়েকজন গ্রামবাসী ঝিড়িতে মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। পরে পিতা মোহাম্মদ ইলিয়াস গিয়ে মরদেহ শনাক্ত করেন।
ফাঁসিয়াখালী কুমারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মোহাম্মদ জামিল বলেন, স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, ১৬ মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আমি ঘটনাস্থলে আছি, পরে বিস্তারিত জানানো হবে।