
মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর : শেরপুরের ঝিনাইগাতীতে নিখোঁজের দু’দিন পর ইলিয়াস নামে দশ বছর বয়সী এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার গান্ধিগাঁও কালীস্থান সংলগ্ন কালঘোঁষা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নাজমুল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। নিহত ইলিয়াস স্থানীয় ব্র্যাক স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী এবং গান্ধিগাঁও এলাকার কালু গাজীর ছেলে।
নিহতের পরিবার জানায়, বুধবার ভোরে ইলিয়াস নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়। পরে বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে বাড়ির পাশের নদী থেকে তার অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।
পুলিশ জানায়, ইলিয়াসের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আটককৃত নাজমুলের মুরগির খামারে বিদ্যুতের তারে জড়িয়ে শিশুটির মৃত্যু হয়। পরে ফেঁসে যাওয়ার ভয়ে লাশ গুম করতে নদীতে ফেলে দেওয়া হয়।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল আমিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সন্দেহভাজন নাজমুলকে আটক করা হয়েছে। ডাক্তারি প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।