1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

লামায় মাতামুহুরী নদীতে নিখোঁজ, ২২ ঘণ্টা পর পর্যটকের লাশ উদ্ধার

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ২২ ঘণ্টা পর মো. সোহান (২৭) নামে এক পর্যটকের লাশ উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা।

শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তোফাজ্জল হোসেন জানান, নিখোঁজ পর্যটকের লাশ দুপুর ১২টার দিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ অক্টোবর) ঢাকার মিরপুরের বাসিন্দা দুই বন্ধু সোহান ও মো. শাকিল ভ্রমণে এসে লামা উপজেলার ফাঁশিয়াখালী ইউনিয়নের মিনঝিরি সাদা পাথর এলাকার ‘হোয়াইট পিক স্টেশন’ রিসোর্টে উঠেন। দুপুরের দিকে রিসোর্টের কাছাকাছি মাতামুহুরী নদীতে গোসল করতে নামেন তারা। একপর্যায়ে প্রবল স্রোতে সোহান ভেসে যায়। এ সময় শাকিল সাঁতরে তীরে উঠতে পারলেও সোহান পানির নিচে তলিয়ে যান।

নিহতের বন্ধু শাকিল বলেন, আমরা দু’জন একসাথে নদীতে নামি। হঠাৎ স্রোতের টানে সোহান নিখোঁজ হয়ে যায়। পরে দ্রুত রিসোর্টে গিয়ে বিষয়টি জানাই। এরপর স্থানীয় ফায়ার সার্ভিস ও থানায় খবর দেওয়া হয়।

প্রথমে লামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার অভিযান চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে চট্টগ্রাম থেকে ডুবুরি দল এনে তল্লাশি চালানো হয়। অবশেষে নিখোঁজের ২২ ঘণ্টা পর সোহানের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com