1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার বিশ্বকাপে কতবার মুখোমুখি হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা, এগিয়ে কারা হাদী হত্যার দ্রুত বিচার দাবি এমপি রাশেদুল ইসলামের জুলাই আমাদের সাহস ও আত্মত্যাগের প্রতীক: গোলাম কিবরিয়া ১৪০ বছরের পুরনো সেতু পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয় হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের সরকারিদল-বিরোধীদল মিলেমিশে উন্নয়নের কাজ করে যাব : ডিএনসিসি প্রশাসক পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার

রুমায় প্রবারণায় ফানুস উৎসব ও রথ বিসর্জন 

  • আপডেট টাইম :: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

বান্দরবান প্রতিনিধি : বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বান্দরবানের রুমা উপজেলায় তিন দিনব্যাপী নানা ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় রথ বিসর্জন ও ফানুস উড়ানোর মধ্য দিয়ে শেষ হয় এবারের বর্ণাঢ্য প্রবারণা উৎসব।

রুমা মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে কেন্দ্রীয় উৎসব উদযাপন পরিষদের সভাপতি উক্যসিং মারমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং। আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, বৌদ্ধ ভিক্ষু ও বিভিন্ন সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনায় মাতোয়ারা হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। পরে রুমা অগ্রবংশ অনাথালয়ের নির্বাহী পরিচালক ও বৌদ্ধ ধর্মীয় গুরু নাইন্দিয়া থেরো ভান্তে প্রবারণা পূর্ণিমার তাৎপর্য ও ধর্মীয় শিক্ষার ওপর দেশনা প্রদান করেন।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি রথের ফিতা কেটে রথ টানার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর রথটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সন্ধ্যায় রথটি সাঙ্গু নদীতে বিসর্জনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উৎসবের সমাপ্তি ঘটে।

রথ বিসর্জনের পরপরই আকাশজুড়ে উড়তে থাকে সহস্রাধিক রঙ-বেরঙের ফানুস, আর আতশবাজির ঝলকে আলোকিত হয়ে ওঠে পাহাড়ি জনপদ। সব সম্প্রদায়ের মানুষ একসঙ্গে অংশ নিয়ে এ উৎসবকে পরিণত করেন এক অনন্য সম্প্রীতির মিলনমেলায়।

প্রবারণা পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এক বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। বর্ষাকালীন তিন মাসব্যাপী ধর্মীয় সাধনা ও বর্ষাবাস শেষে এ দিনেই ভিক্ষুরা বিহার থেকে গৃহে ফিরে যান, আর শীল পালনকারীরা আত্মশুদ্ধির প্রতীক হিসেবে নতুন করে ধর্মচর্চার অঙ্গীকার করেন।

রুমার পাহাড়ে তাই প্রবারণার এ রঙিন উৎসব শুধু ধর্মীয় আনন্দ নয়, বরং পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও ঐক্যের এক উজ্জ্বল প্রতিচ্ছবি হয়ে উঠেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com