
কিকিউ মারমা, বান্দরবান প্রতিনিধি :বান্দরবান বন বিভাগের অধীন পাইন্দু রেঞ্জে কর্মরত বাগান মালী সৈয়দ মহসিন আলী-এর বিরুদ্ধে সরকারি দায়িত্বে অবহেলা, অসদচারণ এবং দীর্ঘদিন কর্মসংস্থলে অনুপস্থিতির অভিযোগে বিভাগীয় শাস্তিমূলক বরখাস্ত করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে।
জেলা বন বিভাগ অফিস কর্তৃপক্ষ জানান, ইতোমধ্যে পাইন্দু রেঞ্জে কর্মরত বাগান মালী সৈয়দ মহসিন আলীকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩(ক), ৩(খ) ও ৩(গ) অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বান্দরবান বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান স্বাক্ষরিত অভিযোগনামায় বলা হয়, সৈয়দ মহসিন আলী ২০২৫ সালের ৩ জুন থেকে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তিনি প্রায়ই নিজের ইচ্ছামতো চলাফেরা করেন এবং সহকর্মী বা উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কোনরূপ দাপ্তরিক যোগাযোগ রক্ষা করেন না।
পাইন্দু রেঞ্জ অফিসার মো. মোদাচ্ছের হোসেন জানান, ২৬ জুন ২০২৫ তারিখে সৈয়দ মহসিন আলীর মোবাইলে ফোন করা হলে তিনি কল রিসিভ করেননি, এমনকি পরে কলব্যাকও করেননি। স্থানীয়দের কাছ থেকেও তাঁর বিরুদ্ধে বিভিন্ন সময়ে অসদাচরণের অভিযোগ ও বিরূপ মন্তব্য পাওয়া গেছে।
এরপর ৭ জুলাই ২০২৫ তারিখে বিভাগীয় বন কর্মকর্তার দপ্তর থেকে একটি কারণ দর্শানোর নোটিশ রেজিস্টার্ড ডাকযোগে পাঠানো হয়। ওই নোটিশে ১৫ জুলাইয়ের মধ্যে কর্মস্থলে যোগদান করার নির্দেশনা দেওয়া হয়। ডাক বিভাগের নথি অনুযায়ী, চিঠিটি ১৪ জুলাই সৈয়দ মহসিন আলীর হাতে পৌঁছায়।
তবুও তিনি উক্ত নির্দেশনা অমান্য করে কর্মস্থলে ফেরেননি। পরে ২২ জুলাই পুনরায় তাঁর বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হলে, পাইন্দু রেঞ্জ অফিসার ২৭ জুলাই জানিয়ে দেন যে সৈয়দ মহসিন আলী এখনো কর্মস্থলে যোগ দেননি এবং ২৩ জুলাই পুনরায় ফোন করলেও তিনি রিসিভ করেননি বলে অভিযোগ করেন।
এই প্রেক্ষাপটে, ২৭ জুলাই ২০২৫ তারিখে জারি করা অফিস আদেশে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয় এবং বরখাস্তকালীন সময়ের জন্য তাঁর সদর দপ্তর নির্ধারণ করা হয় থানচি রেঞ্জ কার্যালয়ে।
অভিযোগনামায় আরও বলা হয়, ৬০ দিনেরও বেশি সময় কর্মস্থলে বিনা অনুমতিতে অনুপস্থিত থাকা, উর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য করা, সরকারি চাকরির শৃঙ্খলা ভঙ্গ করা এবং দাপ্তরিক কার্যক্রমে বিশৃঙ্খলা সৃষ্টি করাসহ কর্মকাণ্ডে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুসারে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য।
সেহেতু, তাঁকে কেন সরকারি চাকরি থেকে বরখাস্ত বা অন্য কোনো গুরুদণ্ড প্রদান করা হবে না, সে বিষয়ে পত্র প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে আত্মপক্ষ সমর্থনমূলক জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া তিনি চাইলে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে নিজের বক্তব্য পেশ করার সুযোগ পাবেন।
তবে নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে ধরে নেওয়া হবে যে, তাঁর এ বিষয়ে কোনো বক্তব্য নেই, এবং সে অনুযায়ী বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান বলেন, “সরকারি চাকরিতে দায়িত্বে অবহেলা বা অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা গুরুতর অপরাধ। নিয়ম অনুযায়ী তদন্ত চলছে এবং প্রমাণিত হলে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”