1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

লালন আখড়াবাড়িতে তিনদিনে থানায় ৭৮ মোবাইল চুরির অভিযোগ

  • আপডেট টাইম :: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

কুষ্টিয়া : আধ্যাত্মিক সাধক বাউল সম্রাট ফকির লালন শাহের কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়া আখড়াবাড়িতে এবার তিন দিনের তিরোধান দিবসের অনুষ্ঠানে লাখো মানুষের স্রোত নামে।এ দিবসে এমন জনসমাগম কয়েক দশকে দেখা যায়নি বলে জানিয়েছেন বাউল, সাধক ও লালনভক্তরা।

তবে এ সুযোগে চরম সক্রিয় ছিল মোবাইল ফোন চোর, পকেটমার ও জাল টাকার ব্যবসায়ী একাধিক চক্র।গত তিন দিনে ফোন চুরির ঘটনায় থানায় অন্তত ৭৮ জন ভুক্তভোগী সাধারণ ডায়রি (জিডি) করেছেন। এছাড়াও বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে র‍্যাব। এ ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ আদালতে পাঠিয়েছে।

ফোন চুরি ও পকেটমারের ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- সিরাজগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কান্দাপাড়ার মৃত আব্দুল হাইয়ের ছেলে শামিম তালুকদার (২৮), নেত্রকোনার বারহাট্টা থানার ডেউপুর উত্তরপাড়ার আব্দুর রহিমের ছেলে সেফায়েত উল্লাহ (১৯), কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ চিথোলিয়ার মৃত রফিকুলের ছেলে মো. সজিব (১৯), মৌলভীবাজারের শ্রীমঙ্গল এলাকার মোস্তফার ছেলে রমজান আলী (২৬), ময়মনসিংহের ত্রিশাল এলাকার কাশেমের ছেলে রাজিব মিয়া (২০), পাবনার চর ভবানীপুর এলাকার বক্করের ছেলে আব্দুল মালেক (২৫), গাইবান্ধার পরেশ তালুকদারের ছেলে মামুন তালুকদার (৫০), কুষ্টিয়ার জালালের ছেলে তানজিম (২০)। এছাড়াও জাল টাকার জন্য মো. সবুজকে (২৪) গ্রেপ্তার করা হয়। তিনি কুষ্টিয়ার মিরপুরের আমবাড়ীয়া এলাকার শাজাহান আলীর ছেলে।

কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাওন ইসলাম বলেন, শনিবার লালন মাজারের প্রবেশপথে খুব ভিড় ছিল। বন্ধুরা গলা ধরাধরি করে রেলের মতো যাচ্ছিলাম। হঠাৎ রাত ১০টার দিকে দেখি পকেটে রেডমি নোট-১৪ মডেলের ফোনটি নেই। কোথাও না পেয়ে থানায় জিডি করতে এসেছি।

কুমারখালীর সদকী ইউনিয়নের দড়ি বাটিকামারা এলাকার স্কুলশিক্ষক পলাশ কুমার বিশ্বাস (৩৭) বলেন, শুক্রবার রাতে লালন মেলায় লাখো মানুষের ভিড় ছিল। সেখানে গিয়ে তার স্যামসাং ব্র্যান্ডের মোবাইল ফোন হারিয়ে গেছে। তিনি থানায় একটি জিডি করেছেন।

মোবাইল চুরির ঘটনায় থানায় অভিযোগ করেছেন ফরিদপুরের কানাইপুর এলাকার মো. বিল্লাল বিশ্বাস। তার স্যামসাং এ-৫২ এস ব্র্যান্ডের ফোনটি হারিয়ে গেছে।

তিনি বলেন, এবার লালন মেলায় প্রচুর লোকের সমাগম হয়েছে। ভিড়ের মধ্যে একটি চক্র পকেট থেকে কৌশলে মোবাইল ফোন বের করে নেয়। তারটিও হারিয়েছে। তার ভাষ্য, প্রথমদিনেই কয়েকশ ফোন চুরি ও পকেটমারের ঘটনা ঘটেছে।

একাত্তর টেলিভিশনের ক্যামেরাপার্সন কোহিনুর ইসলাম বলেন, জাতীয়ভাবে আয়োজন থাকায় লালনে এবার ভিড় বেশি ছিল। ভিড়ের মধ্যে কখন কে যেন রিয়েলমি ব্র্যান্ডের ফোনটি চুরি করেছে, তা বুঝতে পারিনি। থানায় জিডি করবো।

লালন স্মরণোৎসবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকলেও মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে বলে স্বীকার করেন কুমারখালী থানার পরিদর্শক আমিরুল ইসলাম।

তিনি বলেন, তিন দিনে ৭৮ জনের জিডি আকারে অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনায় জড়িত সন্দেহে ১০-১২ জনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, শনিবার রাত ১০টার দিকে আখড়বাড়ির প্রবেশপথ থেকে জাল ২১ হাজার ৫০০ টাকাসহ সবুজকে আটক করে র‍্যাব। তাকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে তিন দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ মেলার আয়োজন করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। শুক্রবার সন্ধ্যায় আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হওয়া এ উৎসব রোববার মধ্যরাতে লালন সংগীত পরিবেশনার মাধ্যমে শেষ হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com