
নালিতাবাড়ী (শেরপুর): শেরপুরের নালিতাবাড়ীতে প্রকাশ্যে সিএনজি থামিয়ে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় দুই লাখ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় আব্দুর রহিম ওরফে হাম্বুল নামে একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে তাকে শেরপুর আদালতে সোপর্দ করা হয়। গত সোমবার (২০ সেপ্টেম্বর) উপজেলার নন্নী পশ্চিমপাড়া মাঠখোলা এলাকায় ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাজশাহীর গোদাগাড়ি এলাকার সাগর আলী পেশায় রাজমিস্ত্রী। দেশের বিভিন্ন স্থানে কাজের সুবাদে সোমবার সকালে শেরপুর থেকে দুটি সিনএনজি রিজার্ভ নিয়ে সঙ্গীয় শ্রমিকসহ নালিতাবাড়ীর সমশ্চুড়ায় কাজের জন্য আসছিলেন। পথিমধ্যে নন্নী পশ্চিমপাড়া মাঠখোলা এলাকায় পৌছামাত্র সকাল সাড়ে দশটার দিকে সিএনজি থামিয়ে নন্নী এলাকার আব্দুর রহিম ওরফে হাম্বুল, হেলাল উদ্দিন, রবিউল ইসলাম ও সোহেল এ চারজন মিলে দেশীয় অস্ত্রের মুখে ছিনতাই চালায়। এসময় শ্রমিকদের সাথে থাকা ১ লাখ ৯০ হাজার টাকা ও একটি এনড্রয়েট মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং প্রকাশ করলে হুমকী দেয়।
এ ঘটনায় সাগর আলী বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করলে শুক্রবার রাতে পুলিশ অভিযুক্ত প্রধান আসামী আব্দুর রহিমকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, জড়িত একজনকে গ্রেফতার করে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।