
শেরপুর : শেরপুর-১ আসনের জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা জামায়াত।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে শহরের মাধবপুরস্থ উৎসব কমিউনিটি সেন্টার হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান।
এ সময় তিনি বলেন, শেরপুর-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী হাফেজ রাশেদুল ইসলামের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গত শুক্রবার বাদ জুম্মা সদর উপজেলার ১০নং চরপক্ষীমারী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ চলছিল। পূর্ব নির্ধারিত সিডিউল অনুযায়ী সকাল ১০টা থেকে গণসংযোগ শুরু হয়। দিকপাড়ার একটি মসজিদে জুম্মার নামাজ আদায় করে নেতাকর্মীরা ব্যাঙের মোড় থেকে চুনিয়ারচর প্রাইমারি স্কুল মাঠে পথসভায় যাচ্ছিল। পথিমধ্যে ডাকপাড়া গ্রামের মিজানুর রহমান, লুৎফর রহমান তারেক, মামুনুর রশিদ, মাফিজুল ইসলাম, মুরাদ মিয়া ও নূরীসহ ১০-১২ জন সশস্ত্র অবস্থান নিয়ে পথরোধ করে। এসময় গণসংযোগে অংশগ্রহণকারী নেতাকর্মীরা আগাতে চাইলে তারা দেশীয় অস্ত্র নিয়ে অর্তকিত সন্ত্রাসী হামলা চালায়। এতে অন্তত ২০ নেতাকর্মী গুরুতর আহত হন।
ঘটনার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত সকলকে দ্রুত সময়ের মধ্যে শাস্তির আওতায় আনা ও নির্বাচনী কর্মীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রশাসনকে অনুরোধ জানানো হয় সংবাদ সম্মেলনে।
জেলা জামায়াতের প্রচার বিভাগের সেক্রেটারী ও শেরপুর-২ আসনের প্রার্থী গোলাম কিবরিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে শেরপুর ১ সদর আসনের প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদল, মাওলানা আব্দুল বাতেনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।