
নালিতাবাড়ী (শেরপুর) : হত্যা মামলা পরিচালনা করায় আশরাফুল আলম নামে এক আইনজীবিকে মামলা পরিচালনা করতে নিষেধ করার পর এবার বাড়িতে হামলা চালিয়েছে আসামীপক্ষ। হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রামদা ও রড উদ্ধার করেছে। এ ঘটনায় ওই আইনজীবীর মা রাহিলা খাতুন বাদী হয়ে রাতেই নালিতাবাড়ী থানায় মামলা করেছেন। অভিযুক্তরা হলেন- ওই আইনজীবির প্রতিবেশি রফিকুল ইসলাম, নবাব আলী, বাবু মিয়া, সাদ্দাম মিয়া ও মাতাব মিয়া।
গত রোববার (৯ নভেম্বর) সন্ধ্যায় নালিতাবাড়ী শহরের অদূরে কালিনগর মহল্লায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, এ্যাডভোকেট আশরাফুল আলম তারই এলাকার হত্যা মামলায় বাদীপক্ষের কৌশলি হিসেবে মামলা পরিচালনা করছেন। তবে জামিনে মুক্ত আসামিপক্ষ মামলা পরিচালনা না করার জন্য তাকে বিভিন্ন ভাবে চাপ দিতে থাকে।
এদিকে রোববার সন্ধ্যায় তুচ্ছ একটি বিষয় নিয়ে ওই আইনজীবির স্ত্রীর সাথে আসামীপক্ষের এক তরুণীর বাকবিতণ্ডা বাধে। এতে ক্ষুব্ধ হয়ে আসামী পক্ষের রফিকুল ইসলাম, নবাব আলী, বাবু মিয়া, সাদ্দাম মিয়া ও মাতাব মিয়া নামের পাঁচজন দেশীয় অস্ত্র নিয়ে আইনজীবির বাড়িতে হামলার চেষ্টা করে এবং হুমকী দেয়।
পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। এসময় পুলিশ হামলাকারীদের আনা দেশীয় অস্ত্র উদ্ধার করে।
এ্যাডভোকেট আশরাফুল আলম জানান, যারা হামলা চালিয়েছে তারা একাধিক হত্যা মামলার আসামি। হামলার পর থেকে আমার পরিবার আতঙ্কে রয়েছে। দ্রুত আসামিদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালিয়ে যায়। দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।