1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:০০ অপরাহ্ন

বান্দরবানে ২৫০ শয্যার হাসপাতাল ভবন পাঁচ বছর ধরে অচল

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের লাখো মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে নির্মিত সদর হাসপাতালের ২৫০ শয্যার নতুন ভবনটি অবকাঠামোগতভাবে প্রস্তুত হলেও, প্রশাসনিক জটিলতা ও জনবল নিয়োগ না হওয়ায় দীর্ঘ পাঁচ বছর ধরে তা অচল অবস্থায় পড়ে আছে। ফলে শয্যা সংকটসহ নানা সমস্যায় ভুগছেন জেলার সাধারণ রোগীরা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ১৯৮৯ সালে ৫০ শয্যা নিয়ে যাত্রা শুরু করে বান্দরবান সদর হাসপাতাল। পরে ২০০৫ সালে সেটি ১০০ শয্যায় উন্নীত করা হয়। কিন্তু প্রতিদিনই এখানে অতিরিক্ত রোগীর চাপ দেখা দেয়। শয্যা সংকটের কারণে অনেক রোগীকেই থাকতে হয় মেঝেতে। বিশেষ করে দুর্গম পাহাড়ি এলাকা থেকে আগত রোগীদের জন্য এই ভোগান্তি আরও বেড়ে যায়।

বর্তমান ১০০ শয্যার হাসপাতালে আইসিইউ ও সিসিইউর মতো জরুরি চিকিৎসা সুবিধা না থাকায় জটিল রোগীদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে হয়। এতে সবচেয়ে ভোগান্তিতে পড়েন নিম্ন ও মধ্যবিত্ত রোগীরা।

জানা গেছে, রোগীদের এই দুর্দশা নিরসনে সরকার ২০১৯ সালে ৩৬ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে ১০০ শয্যার হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করার প্রকল্প গ্রহণ করে। দশ তলা বিশিষ্ট আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই ভবনে আইসিইউ, সিসিইউ, আইসোলেশন ওয়ার্ড, সার্জারি ইউনিট ও গাইনি ওয়ার্ডসহ নানা অবকাঠামো রাখা হয়েছে। নির্ধারিত সময়ে নির্মাণকাজ শেষ হলেও প্রশাসনিক অনুমোদন ও জনবল নিয়োগ না হওয়ায় ভবনটি এখনো চালু হয়নি।

স্থানীয়রা বলছেন, নতুন ভবনটি চালু হলে জেলার স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের সূচনা হবে। শয্যা সংকট কমবে, রোগীরা উন্নত চিকিৎসা পাবেন এবং সার্বিকভাবে স্বাস্থ্যসেবার মানও বৃদ্ধি পাবে।

বালাঘাটার বাসিন্দা মংঞোচিং মার্মা বলেন, পুরোনো ভবনে আইসিইউ-সিসিইউ না থাকায় সামান্য অসুস্থতা নিয়েও চট্টগ্রাম যেতে হয়। গরিব মানুষদের পক্ষে সেটা কষ্টকর। নতুন ভবন চালু হলে আমাদের এই দুর্ভোগ অনেক কমবে।

রোগী মোহাম্মদ ইউসুফ বলেন, রোগীর চাপ থাকায় হাসপাতালে সিট না পেয়ে মেঝেতে থাকতে হয়। নতুন ভবন চালু হলে অন্তত শয্যা সংকট কিছুটা কমবে।

রুমা উপজেলার চসিংমং মার্মা বলেন, স্ত্রীর চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে এলেও আধুনিক পরীক্ষা-নিরীক্ষার সুবিধা না থাকায় চট্টগ্রাম যেতে হচ্ছে। নতুন ভবন চালু থাকলে এখানে চিকিৎসা নিতে পারতাম।

এ বিষয়ে বান্দরবান জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসেন চৌধুরী বলেন, নতুন ভবনের অবকাঠামোগত সব কাজ শেষ হয়েছে। প্রশাসনিক অনুমোদন ও জনবল নিয়োগ সম্পন্ন হলেই দ্রুত ২৫০ শয্যার আধুনিক হাসপাতালটি চালু করা সম্ভব হবে। এটি চালু হলে জেলার স্বাস্থ্যসেবার মান অনেক উন্নত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com