
নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুর-২ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে ধানের শীষ প্রতীকের জন্য কাজ করার আহবান জানিয়ে সমাবেশ করেছেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ফজলুর রহমান তারা।
মনোনয়ন প্রত্যাশি এই নেতা দলীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নিজের নেতাকর্মী ও সমর্থকদের ডেকে শুক্রবার (১৪ নভেম্বর) রাতে নালিতাবাড়ী উপজেলার চাঁদগাঁও গ্রামে এ সমাবেশের আয়োজন করেন।
রাজনগর ইউনিয়ন বিএনপির সভাপতি হাতেম আলীর সভাপতিত্বে এতে জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ফজলুর রহমান তারা, যুগ্ম-আহবায়ক কামরুল হাসান, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক দুলাল হোসেন, কামরুজ্জামান বিএসসিসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশে প্রায় দুই হাজার নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। তবে সমাবেশ থেকে নেতাকর্মী ও সমর্থকরা দলীয় মনোনয়ন পুনর্বিবেচনা করে ত্যাগীদের মূল্যায়নের আহবান জানান।