
নকলা (শেরপুর): ৯ বোতল ভারতীয় মদসহ আদালতের রেকর্ড সহকারী এবং তার অপর সহযোগীকে গ্রেফতার করেছে শেরপুরের নকলা থানা পুলিশ। এসময় তাদের সাথে থাকা একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
শনিবার (১৫ নভেম্বর) রাতে ঢাকা-নালিতাবাড়ী আঞ্চলিক মহাসড়কের ধনাকুশা পুরাতন বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা হলো শেরপুর সদর উপজেলার আন্ধারিয়া কামারপাড়ার সিরাজ মিয়ার ছেলে হানিফ মিয়া (৪০) ও বানিয়াপাড়ার আবদুস ছালামের ছেলে নুরুজ্জামান (৪৫)। এর মধ্যে নুরুজ্জামান শেরপুর ম্যাজিস্ট্রেট আদালতের রেকর্ড সহকারি হিসেবে কর্মরত।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফিরোজ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ধনাকুশা পুরাতন বাজার এলাকায় অভিযান চালিয়ে নালিতাবাড়ী দিক থেকে নকলার দিকে আসা একটি মোটরসাইকেলের গতিরোধ করা হয়। পরে মোটরসাইকেল চালক ও আরোহীর হেফাজতে থাকা ৯ বোতল ভারতীয় মদ ও মোটরসাইকেল জব্দ এবং তাদের আটক করা হয়। পরদিন রবিবার আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।