
মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর : শেরপুরের ঝিনাইগাতীতে সহকারী শিক্ষিকা সুলতানা পারভীনের ওপর বাশার বাহিনীর হামলা, শ্লীলতাহানি ও দাঁত ভেঙে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে বন্দভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রধান সড়কে এ মানববন্ধন আয়োজন করে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন- ভুক্তভোগী শিক্ষিকা সুলতানা পারভীন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা বেগম ও স্বামী মাসুদুর রহমান। মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও এলাকাবাসী অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, কালীনগর এলাকার বাশার ও দেলোয়ার গং পরিকল্পিত ও সন্ত্রাসী কায়দায় শিক্ষিকা সুলতানা পারভীনের ওপর হামলা চালায়। হামলার একপর্যায়ে তাকে শ্লীলতাহানি করে এবং লোহার রড দিয়ে আঘাত করে নিচের পাটির একটি দাঁত ভেঙে দেয়। এ ধরনের ন্যাক্কারজনক বর্বরতা পুরো শিক্ষা সম্প্রদায়কে স্তম্ভিত করেছে।
এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, তদন্তপূর্বক আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ৮টার দিকে পূর্ব বিরোধের জেরে বন্দভাটপাড়া এলাকায় বাদী মাসুদুর রহমান ও তার স্ত্রী সুলতানা পারভীনের ওপর বাশার বাহিনী হামলা চালায়। পরে আহত দম্পতিকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে শেরপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।