1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

স্বামী-স্ত্রীতে সমন্বয় থাকা বাঞ্ছনীয়

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

– তানজিনা খানম –

জীবনটা বৈচিত্রময়। কখনো এক সুতোয় বাধা থাকে না। কাল ক্ষেপণে একেক সময় একেক রঙে আতœপ্রকাশ করে। সেটা সুখের বা দুঃখের। গৃহ হলো আমাদের সকল ক্লান্তি দূর হওয়ার চির প্রশান্তির ছায়াতল। স্বস্তির স্থান। যেখানে সুখ ও স্বপ্নরা হাতছানি দিয়ে ডাকে। বেঁচে থাকার আশাকে বাড়িয়ে দেয়। তারপরও সংসার জীবনে যা আমাদের আত্মহারা করে দেয়, তা স্থায়ী নাও হতে পারে। তাতে ভেঙে পড়তে নেই। ধৈর্য্য, নিষ্ঠা ও সততাকে পুঁজি করে মোকাবেলা করাই বুদ্ধিমানের কাজ।

লিঙ্কন বলেছিলেন, “যে মানুষ নিজের উন্নতির চেষ্টা করতে ইচ্ছুক তার ব্যক্তিগতভাবে ঝগড়া করার সময় থাকে না।” যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না তার পক্ষে জয়ী হওয়াটা আরো কঠিন। তাই নিজের জায়গায় দাড়িয়ে আগে নিজেকে নিয়ে ভাবুন। তবে নিজেকে সুখী করার আগে অন্যকে সুখী করার কথা ভাবুন।

যীশু সর্বকালের সেরা একটি কথা বলেছিলেন, “অন্যের প্রতি সেই ব্যবহারই কর, অন্যের কাছ থেকে তুমি যা আশা কর।” সংসার জীবনে একে অন্যের প্রতি আমাদের ওই প্রবাদ বাক্যটি সত্য হওয়া প্রয়োজন। নারী কিংবা পুরুষ একা একটি পূর্ণাঙ্গ জীবন গঠন করতে পারে না। একা জীবনে সুখের প্রশান্তিতে নিজেকে কখনোই অবগাহন করা যায় না। একটি শূন্যতা থেকেই যায়। তাই অজানা-অচেনা দুটি মানুষের জীবন যখন এক সুতোয় বাধা পড়ে তখন থেকে দুটি জীবন মানেই একটি বৃত্তের সমন্বয় হওয়া উচিত। দোষ-ত্রুটি এড়িয়ে চলা। ভালো-মন্দ শেয়ার করা। কোন কাজে সলাপরামর্শ করে নেওয়া। ভুলগুলো বড় করে না দেখা। দুঃখে একে অপরের পাশে থাকা। পারিপার্শ্বিক সাহায্য সহযোগিতা করা। একজন আরেকজনের স্বাধীন হয়ে চলার মাঝে অযথা আপত্তি না দেখানো। সন্দেহ না করা। বিশ্বাস ও ভালোবাসার প্রাচীর ভেবে দুর্বলতার সুযোগ না নেওয়া। কারণ তাতে আর অবশিষ্ট বলে কিছু থাকে না। ভাঙ্গাতে কোন সুখ নেই, গড়াতেই সুখ।

ভালোবাসার দোহাই দিয়ে পুরুষদের ঘরের কোনায় বেঁধে না রাখার মনমানসিকতা যেমন স্ত্রীদের থাকা উচিত। তেমন পুরুষ বলে স্ত্রীদের কড়া শাসন আর নির্দিষ্ট গন্ডির ভেতর সীমানা বেঁধে না দেওয়াও উচিত। তবে ক্ষেত্র বিশেষে এর উল্টোটা বাধ্যবাধকতায় পরিণত হয়। সেটা অন্য কথা। এখানে কারো পক্ষ নিয়ে বলছি না। সত্যটাই বলার চেষ্টা করছি মাত্র। সেটা অনেকের ভালো লাগে আবার লাগে না। কেউ মানে আবার কেউ মানতে চায় না। তারপরও বলাটা হয়ত আত্মতৃপ্তি।

নারীরা নারীর শালীনতা ও বৈশিষ্ট থেকে বের হয়ে আসে। কেন বের হয়ে আসে? নারীতেই সব অর্জন সম্ভব না কি? সম্ভব। তবে এদের দুর্বল ভেবে চেলেঞ্জ ছুড়ে না দেওয়াই ভালো। এতে নারীর কোমল মন বিভ্রান্ত হয়ে পড়ে। যার প্রভাবে সংসারের সুখ নষ্ট হতে বসে। প্রতিযোগিতায় যদি ছেড়েই দেওয়া হয় তাতে নড়েচড়ে ওঠার সুযোগ দেওয়ার কার্পণ্যতা যেন না থাকে। পায়ে লোহার শেকল না পড়িয়ে পাশে থেকে সহযোগিতা করা, তফাৎ না টানা। তবেই সমন্বয়।

কখনো কখনো দুঃখ অনেক কিছু দেয়। যেখান থেকে মূল্যবান কিছু অর্জন করি। সুখ থেকে নয়। বরং সুখ ও অর্থবিত্ত অনেক ক্ষেত্রে মনুষ্যত্বকে ধ্বংস কেরে দেয়। বিশেষ করে সংসার জীবনে দু’জনার মাঝে কারো একজনার জীবন মান উন্নত হতে না হতেই আরেক জনাকে অবজ্ঞা, অবহেলা ও এড়িয়ে চলা শুরু করতে থাকে। এ বিষয়টিতে স্বামী স্ত্রীর কারো বেলায় কম বদল ঘটে না।

একটি ইংরেজি প্রবাদ আছে, “সঞ্চরণশীল প্রস্তরখন্ডে কখনো শেওলা ধরে না।” একথাটা খুবই সত্য। প্রত্যেক স্বামী স্ত্রীর উচিত একে অপরকে ওই প্রবাদের মতো সঞ্চরণশীল পাথর হতে উৎসাহিত করা। তাই কোন কাজে অসন্তোষ, অনুযোগ না দেখিয়ে একজন আরেক জনকে সহযোগিতা করে লক্ষ্যে পৌছে দেওয়া। একজন স্বামীর কাছে স্ত্রীকে তখনই যোগ্য মনে হয়, যখন তার সকল কাজে সমন্বয় করে চলার মন মানসিকতা রাখে ও দক্ষতার সাথে পরিস্থিতি মোকাবেলা করে। তবে কি, নারীরা তা করে? না, বেশিরভাগ নারীরাই তা করে না। করা উচিত। তেমন মন মেয়েদের ক্ষেত্রে পুরুষের থাকাও বাঞ্ছনীয়।

ডেল কার্নেগি বলেছেন, “একজন স্বামীর বাড়তি শিক্ষা বা জ্ঞানার্জনের ক্ষেত্রে স্ত্রীর ভূমিকা গুরুত্বপূর্ণ।” স্বামীর অমনোযোগিতায় যে কৃতকার্যে বাধা আসে তার জন্য স্ত্রীরা অনেকটাই দায়ী। তবে আমাদের নারীদের উচিত না কি, উৎসাহ উদ্দীপনা দিয়ে প্রাণবন্ত করে তোলা? একজন স্বামীরও তাই উচিত।

যেমনটি আমার জীবনের সকল অর্জনই, আমার স্বামীর অনুপ্রেরণা ও প্রেমময় সান্নিধ্যই মূল। আর আমার মূল্যায়ন আমার স্বামীর কাছে। স্বামী-স্ত্রীর ভালোবাসা শুধুমাত্র প্রেমের প্রসন্ন দৃষ্টির মধ্যেই থাকে না। আদর্শ দম্পতির সর্বশ্রেষ্ঠ প্রেম ও ভালোবাসা হলো পরস্পরের হৃদয়কে জানতে চাওয়া, বুঝতে চাওয়া। বিশ্বাসের আড়ালে অবিশ্বাসের জন্মকে আপনার মাঝে স্থান করে না দেওয়া। এতে নিজের ক্ষতি নয় বরং লাভ বেশি। ভালোবাসা এমন একটি শক্তি যার দ্বারা কাছের মানুষটির মুখ দর্শনেই তার ভেতরকার সকল সুখ-দুঃখের অস্তিত্বের উপস্থিতি অনুভব হয়। বিশ্বাস ও ভালোবাসার জোড়ে দু’জনার মাঝে যে গাঢ় বন্ধন তৈরী হয় তার অনুপস্থিতিতে ধ্বংস অনির্বায। তাই আমাদের সকলের উচিত, নিজে যা মানতে পারবো না অন্যকে তা মানিয়ে নেবার দায় চাপিয়ে না দেওয়া। একজন পুরুষ সংসারকে টিকিয়ে রাখতে সর্বস্ব শ্রম দেয়। আর একজন নারী সর্বোপরি ভালোবাসা দিয়ে ধরে রাখে। এতে কারো ভূমিকা ছোট নয়। একটি মেয়ে যখন স্ত্রী হয়ে সংসারে আসে অনেক কিছু ত্যাগ ও বিসর্জন দিয়ে সুখ-দুঃখ ও সর্বস্ব অজানা-অচেনা মানুষটির কাছে সপে দেয়। আপন করে নেয়। তবে স্বামীর পদতল, সকল ভুল-ভ্রান্তি ক্ষমা পেয়ে সুখের মহাস্থান হবার নয় কি?

রবার্ট বার্টন বলেছেন, “একজন ভালো স্বামী তার স্ত্রীকে গড়ে নিতে পারেন।” এ থেকে স্পষ্ট নয় কি, স্বামী স্ত্রী একে অপরের অর্ধাঙ্গিনী? সমঅধিকারময়। তাই সুখ সমৃদ্ধ সংসার গড়তে দু’জনাতে সমন্বয় থাকা বাঞ্ছনীয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com