
নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় বিএনপি নেতার দোকান থেকে টিসিবি’র অবিকৃত মালামাল জব্দ করেছে যৌথবাহিনী।
শনিবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে এগারোটার দিকে শহরের জাহিদ এন্টারপ্রাইজ-এ পুলিশ ও সেনাবাহিনী যৌথঅভিযান চালিয়ে মালামাল জব্দসহ জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়। এরা হলেন- উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক বেলায়েত হোসেন (৬১) ও ডিলার শহিদুল ইসলাম (৪০)।
সূত্র জানায়, আওয়ামী লীগ আমলে ডিলারশীপ প্রাপ্ত শহিদুল ইসলামের কাছ থেকে ৫ আগস্ট পরবর্তী সময়ে ব্যবসায় শেয়ার হন বিএনপি নেতা বেলায়েত হোসেন। এরপর নানা কারণে অনুপস্থিত কার্ডধারীদের জন্য বরাদ্দাকৃত চাল, ডাল, চিনি ইত্যাদি পণ্য সরকার নির্ধারিত মূল্যে বিক্রির পরিবর্তে বেলায়েত হোসেন তার মালিকানাধীন দোকানে বাজারমূল্যে বিক্রি করেন।
এমন অভিযোগের প্রেক্ষিতে শনিবার রাতে বেলায়েত হোসেনের জাহিদ এন্টারপ্রাইজে পুলিশ ও সেনাবাহিনী যৌথঅভিযান পরিচালনা করেন। অভিযানকালে টিসিবি’র বরাদ্দকৃত ২শ কেজি চাল, ৫৪ লিটার তেল, ১০ কেজি চিনি, ২৬ কেজি ডাল ও কিছু বস্তা জব্দ করা হয়। এসময় জড়িত থাকার অভিযোগে বেলায়েত হোসেন ও শহিদুল ইসলামকে আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি।
আটককৃতদের বিরুদ্ধে নকলা থানায় নিয়মিত মামলা করা হচ্ছে বলে জানিয়েছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন চন্দ্র গোপ।