
বান্দরবান : বান্দরবানের চিম্বুক সড়কে সিএনজি উল্টে সাগর (২৮) নামে এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক ব্যবসায়ী।
গত বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে চিম্বুক সড়কের বার মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার হাগরিয়া এলাকার বাসিন্দা মো. হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে পেঁপে ক্রয়ের উদ্দেশ্যে সিএনজি নিয়ে চিম্বুকের দিকে যাচ্ছিলেন তিনজন কাঁচামাল ব্যবসায়ী। পথে বার মাইল এলাকায় পৌঁছালে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই সাগরের মৃত্যু হয় এবং অপর একজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা নিহত ও আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ পারভেজ জানান, চিম্বুক সড়কে সিএনজি দুর্ঘটনায় সাগর নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন এবং আরও একজন আহত হয়েছেন। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।