
নকলা (শেরপুর) : স্বামী-স্ত্রীর পারিবারিক কলহের জেরে মরিয়ম নামে ছয় বছর বয়সী এক কন্যা শিশুকে গলাটিপে হত্যার অভিযোগ ওঠেছে বাবা বাবু মিয়ার বিরুদ্ধে। একইভাবে হত্যা চেষ্টা করা হয়েছে চার বছর বয়সী অপর কন্যাশিশু মীমকেও।
রোববার সকালে উপজেলার চরবসন্তী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত বাবা বাবু মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চরবসন্তী গ্রামের বাবু মিয়া ও তার স্ত্রী হাসিনার মাঝে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। কলহের জেরে কিছুদিন আগে হাসিনা বাবার বাড়ি চলে যায়। পরে বাবু মিয়া দুই কন্যাকে নিয়ে ঢাকায় বসবাস করতো। সম্প্রতি কন্যাদের নিয়ে চরবসন্তি গ্রামের বাড়ি আসে বাবু। রোববার সকালে বড় মেয়ে মরিয়মকে গলা টিপে হত্যার পর ছোট মেয়ে মীমকেও হত্যার চেষ্টা করে বাবা বাবু মিয়া। এসময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে বাবুকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে গুরুতর আহত মীমকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন চন্দ্র গোপ জানান, পারিবারিক কলহের জেরে এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযুক্ত বাবু মিয়াকে গ্রেফতার করা হয়েছে।