1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

বকেয়া বিল চাওয়ায় সহকারী কর্মকর্তাকে পেটালেন উপজেলা নির্বাচন কর্মকর্তা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

নকলা (শেরপুর) : সরকারি অফিসের ভেতরেই অধস্তন কর্মকর্তাকে অকথ্য গালিগালাজ ও পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে শেরপুরের নকলা উপজেলা নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে। বকেয়া বিল সংক্রান্ত মতপার্থক্যের জেরে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম একই অফিসে কর্মরত সহকারী নির্বাচন কর্মকর্তা পার্থ প্রতীম দে কে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় ভুক্তভোগী কর্মকর্তা নিজের নিরাপত্তা ও বিচারের দাবিতে জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও প্রত্যক্ষদর্শীদ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে অফিস সহকারী আল-ইমরান দপ্তরের বাজেট এবং বদলি হওয়া পূর্ববর্তী উপজেলা নির্বাচন কর্মকর্তা আশিকুর রহমান সরকারের সময়ের কিছু বকেয়া বিল পরিশোধের বিষয়টি বর্তমান কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলামের সামনে উপস্থাপন করেন। বর্তমান কর্মকর্তা নজরুল ইসলাম ওই বিল পরিশোধে অপারগতা প্রকাশ করলে বিষয়টি যাচাই-বাছাই ও সুরাহার জন্য সহকারী নির্বাচন কর্মকর্তা পার্থ প্রতীম দে কে অনুরোধ করা হয়। পরে পার্থ প্রতীম দে বিষয়টি নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তার সাথে কথা বলতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

ভুক্তভোগী পার্থ প্রতীম দে জানান, আমি অত্যন্ত বিনয়ের সাথে বিল বা ভাউচারগুলো যাচাই করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানালে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি উত্তেজিত স্বরে বলেন, ‘‘আমি কি আশিকুর রহমান সরকারের অফিস সহকারী নাকি যে তাকে ফোন করব?’’
এরপর তিনি সহকারী কর্মকর্তাকে উদ্দেশ্য করে মা-বাবা তুলে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। গালিগালাজের প্রতিবাদ করায় উত্তেজিত হয়ে নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম তার আসন ছেড়ে ওঠে আসেন। এরপর অফিস সহকারী আল-ইমরান এবং ডাটা এন্ট্রি অপারেটর আশরাফুজ্জামান জুয়েলের সামনেই পার্থ প্রতীম দে কে কিল-ঘুষি মারতে শুরু করেন। এতে পার্থ প্রতীম দে’র বাম হাতের কনুই জখম হয়ে ফুলে যায়। তাৎক্ষণিক অফিসের অফিস সহায়ক ও পরিচ্ছন্নতা কর্মীরা ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে আহত সহারী নির্বাচন কর্মকর্তা পার্থ প্রতীম দে শেরপুর সদর হাসপাতালে গিয়ে চিকিৎসা গ্রহণ করেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, মারধরের কোন ঘটনা ঘটেনি। অফিসটাকে আমার পরিবার মনে করি। পরিবারের সদস্য হিসেবে আমি ধমকা-ধমকি করেছি। সহকারী নির্বাচন কর্মকর্তা পার্থ প্রতীম দে জেলা কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন। স্যার তদন্ত করে গেছেন। তিনিই ব্যবস্থা নিবেন।

শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, নকলা উপজেলা নির্বাচন অফিসের ঘটনায় তদন্ত করা হয়েছে। নির্বাচনের পর ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com