1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

রোজা রাখলে যে সওয়াব পাবেন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : ইসলামের মৌলিক পাঁচটি বিধান আছে। এর একটি রোজা। দ্বিতীয় হিজরিতে মুসলমানদের ওপর রোজা ফরজ হয়। প্রাপ্তবয়স্ক মুসলিম নারী-পুরুষের ওপর রোজা রাখা ফরজ। রোজা হলো সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়তসহকারে পানাহার, দাম্পত্য মিলন ও রোজাভঙ্গকারী সব কাজ থেকে বিরত থাকা। আল্লাহ বলেন, ‘তোমারদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের আগেরকার মানুষদের ওপর ফরজ করা হয়েছিল। যেন তোমরা তাকওয়া (আল্লাহভীতি) অর্জন করতে পারো।’ (সুরা বাকারা, আয়াত : ১৮৩)

শরিয়ত সমর্থিত প্রয়োজন ছাড়া রোজা ভাঙা যাবে না। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে কোনো অজুহাত বা রোগ ছাড়া রমজান মাসের একটি রোজা ভেঙে ফেলে, সে ওই রোজার পরিবর্তে আজীবন রোজা রাখলেও ওই এক রোজার ক্ষতিপূরণ হবে না।’ (সুনানে তিরমিজি, হাদিস : ৭২৩)

রমজান বছরের শ্রেষ্ঠ মাস
মুমিন বান্দার জীবনে আমল-ইবাদতের বসন্ত মাস রমজান। এ মাসে তার জীবনে আমলের স্পৃহা তৈরি হয়। আমলের উজ্জীবিত পরিবেশ পায় সে। সারা বছরের ইবাদতের শক্তি ও পাথেয় সংগ্রহ করে সে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহর কসম, মুসলমানদের জন্য রমজানের চেয়ে উত্তম মাস আসেনি। মুনাফিকদের জন্য এর চেয়ে বেশি ক্ষতির মাসও আসেনি। মুমিন এ মাসে ইবাদতের শক্তি ও পাথেয় সংগ্রহ করে। মানুষের উদাসীনতা ও দোষত্রুটি খুঁজে মুনাফিকরা। মুমিনের জন্য এ মাস গনিমত। মুনাফিকের জন্য ক্ষতির কারণ।’ (মুসনাদে আহমদ, হাদিস : ৮৩৬৮)

আল্লাহ দেন রোজার প্রতিদান
রোজার প্রতিদান আল্লাহ তাআলা নিজে দেন। বান্দার রোজাকে আল্লাহ নিজের বলেছেন। হাদিসে কুদসিতে আছে, মহানবী (সা.) বলেছেন, আল্লাহ বলেন, ‘রোজা আমারই জন্য। আমি এর প্রতিদান দেব। বান্দা আমার জন্য পানাহার ও কামনা-বাসনা ছেড়ে দেয়।’ (সহিহ বুখারি, হাদিস : ৭৪৯২)

রোজার প্রতিদান জান্নাত
মুমিন-মুসলমান মাত্রই জান্নাতে যেতে চান। এর চেয়ে বড় প্রত্যাশা মুমিন-মুসলমানের জীবনে আর নেই। রোজা রাখার মাধ্যমে জান্নাতে যাওয়া যায়। নবীজি (সা.) বলেছেন, ‘আল্লাহর সন্তুষ্টির আশায় একদিন রোজা রাখার পর ব্যক্তির মৃত্যু হলে সে জান্নাতে প্রবেশ করবে।’ (মুসনাদে আহমাদ)

জান্নাতের বিশেষ দরজা
জান্নাতের একটি বিশেষ দরজার নাম রাইয়ান। এ দরজা দিয়ে শুধু রোজাদার ব্যক্তি প্রবেশ করতে পারবে। মহানবী (সা.) বলেছেন, ‘জান্নাতের একটি দরজার নাম রাইয়ান। কিয়ামতের দিন এ দরজা দিয়ে শুধু রোজাদার ব্যক্তি প্রবেশ করবে। অন্য কেউ প্রবেশ করতে পারবে না। ‘কোথায় সেই সৌভাগ্যবান রোজাদার’ বলে ডাকা হবে। তারা উঠে দাঁড়াবে। তারা ছাড়া কেউ এ দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। তারা প্রবেশ করলে তা বন্ধ করে দেওয়া হবে।’ (সহিহ বুখারি, হাদিস : ১৮৯৬)

জাহান্নাম থেকে বাঁচায় রোজা
নবীজি (সা.) বলেছেন, ‘রোজা ঢাল। রোজাদার রোজা দিয়ে জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করবে।’ (মুসনাদে আহমাদ)

রোজাদারের জন্য দুটি খুশি
রোজাদারের জন্য দুটি খুশির বিষয় আছে। এগুলো তাকে আনন্দিত করে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘রোজাদারের জন্য দুটি খুশি আছে। যা তাকে খুশি করে। এক. যখন সে ইফতার করে। দুই. যখন সে তার রবের সঙ্গে সাক্ষাৎ করবে, তখন রোজার বিনিময়ে আনন্দিত হবে।’ (সহিহ বুখারি, হাদিস : ১৮৯৪)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com