
বান্দরবান প্রতিনিধি : স্কুলে ছাত্রদের পরীক্ষা পাস করানো ও অস্থায়ী চাকরী স্থায়ী করার প্রলোভন দেখিয়ে যৌন নিপীড়ন (বলৎকার) করার গুরুতর অভিযোগ ওঠেছে বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলামের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।
ভুক্তভোগী ৮ থেকে ১০ জন শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের পরীক্ষায় অকৃতকার্য করার ভয় দেখানো এবং অকৃতকার্য ছাত্রদের পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের ওপর যৌন নির্যাতন চালানো হয়।
দুইজন শিক্ষার্থী-অভিভাবক ও মানবাধিকার কর্মী ডনাইপ্রু নেলীসহ গত ১০ ফেব্রুয়ারী শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেওয়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে। অভিযোগ জানাজানি হওয়ার পর থেকে অভিযুক্ত প্রধান শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত বলে জানা গেছে।
অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, “বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজ স্যার আমাদের সাথে নৈতিক কাজে লিপ্ত হওয়ার জন্য চেষ্টা করেন। আমাদের নিতম্বে হাত দেয়। স্যারের রুমে যেতে বলেন। ”
ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ, প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে দরিদ্র পরিবার ও দূর্বল ছাত্রদের টার্গেট করেন। পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্যক্তিগত কক্ষে ডেকে নিয়ে যৌন নিপীড়ন করা হত। এরই মাঝে ১৫ জনের অধিক ছাত্রকে বলৎকার করার অভিযোগ উঠেছে।
নাম প্রকাশ না করার শর্তে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী জানায়, “হেড স্যার প্রথমে কাঁধে হাত রাখা থেকে শুরু করে পরে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেওয়া হতো। ভয় ও লজ্জায় আমি প্রথম দিকে পরিবারকে জানায় নি। তবে, অভিযোগের পর ডিসি স্যারের কাছে বিস্তারিত জানিয়েছি।”
নবম শ্রেণির আরেক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, স্কাউট কার্যক্রমের স্বাক্ষরের অজুহাতে ডেকে নিয়ে অনাকাঙ্ক্ষিত শারীরিক স্পর্শ করা হয়। একদিকে ভয়, সামাজিক লজ্জা এবং শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় দীর্ঘদিন বিষয়টি গোপন রাখতে বাধ্য হয়।

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে ভুক্তভোগীর অভিভাবক বলেন, “পরীক্ষায় ফেল করার ভয় দেখিয়ে আমাদের সন্তানদের সঙ্গে যে অপরাধ করা হয়েছে, তা ক্ষমার অযোগ্য। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
একজন ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা অভিযোগ করে বলেন, তার ছেলে অষ্টম শ্রেণিতে একবার অকৃতকার্য হলে পুনরায় অষ্টম শ্রেণিতে ভর্তি করানো হয়। পরে সে উত্তীর্ণ হয়ে নবম শ্রেণিতে ওঠে, কিন্তু সেখানে পাঁচটি বিষয়ে খারাপ ফলাফল করে। এ অবস্থায় প্রধান শিক্ষক তাকে দশম শ্রেণিতে উন্নীত না করার কথা জানান। পরে তিনি ছেলেকে আবার নবম শ্রেণিতে রাখেন এবং প্রধান শিক্ষকের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন।
প্রধান শিক্ষক তাকে পরামর্শ দেন যে, শিক্ষক নিজেও গাইড দেবেন এবং অভিভাবকও গাইড করবেন। সেই অনুযায়ী তার ছেলেকে প্রতিদিন সন্ধ্যার পর প্রধান শিক্ষকের কাছে পড়তে পাঠানো হয়। শিক্ষক ছয় মাস পর্যবেক্ষণের পর ভালো করলে তাকে দশম শ্রেণিতে উন্নীত করার আশ্বাস দেন।
কিন্তু অভিযোগ অনুযায়ী, ওই সময় শিক্ষকের কাছে পড়তে যাওয়ার পর তার ছেলের সঙ্গে অনৈতিক ও খারাপ কাজ করা হয়। ঘটনার পর থেকে তার ছেলে আর ওই শিক্ষকের কাছে যেতে চায় না। এ ঘটনায় তিনি ন্যায়বিচার দাবি করেছেন।
অপর এক ভুক্তভোগী শিক্ষার্থীর অভিভাবক জানান, গত ৮ ফেব্রুয়ারি তিনি তার নাতিকে একটি অঙ্গীকারনামা নিয়ে প্রধান শিক্ষকের কাছে নিয়ে যান। শিক্ষক তাকে নাতিকে রেখে চলে যেতে বলেন। তিনি নাতিকে শিক্ষকের কক্ষে রেখে নিচে নেমে আসেন। প্রায় এক ঘণ্টা পর নাতি কক্ষ থেকে বের হয়ে আসে, তখন তার চেহারায় আতঙ্ক ও ভয় স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। ভুক্তভোগীরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
শুধু শিক্ষার্থী নয়, বিদ্যালয়ের একাধিক কর্মচারীও প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন।
বিদ্যালয়ের এক কর্মচারী অভিযোগ করে বলেন, অফিস সময়ের বাইরে সন্ধ্যায় প্রধান শিক্ষকের কক্ষে ডেকে নিয়ে দরজা-গেট বন্ধ করে অনাকাঙ্ক্ষিত আচরণ করা হয়। বাধা দিলে তাকে চাকরি থেকে বাদ দেওয়া হবে বলে ভয় দেখায়। তার মতো আরও কয়েকজন কর্মচারী একই ধরনের নির্যাতনের শিকার হয়েছেন বলে দাবি করেন তিনি।
বিদ্যালয়ের অস্থায়ী অফিস সহায়ক শিল্পী রাণী দে বলেন, স্কুল ছুটির পর একাধিক শিক্ষার্থীকে প্রধান শিক্ষকের কক্ষে ডাকা হতো এবং কক্ষের গেট তালাবদ্ধ রাখা হতো। তিনি বিষয়টি অন্য শিক্ষকদের জানালে তাকে ‘ছোট কর্মচারী’ বলে চুপ থাকতে বলা হয়। পরে তিনি অভিভাবকদের অবহিত করলে তাকে নোটিশ ছাড়াই চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। বিষয়টি জেলা প্রশাসকের কাছে অভিযোগ যাওয়ার পর তাকে পুনর্বহাল করা হয়।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহ মোহাম্মদ রেজাউল বলেন, হেডমাস্টার বিরুদ্ধে ছাত্ররা ডিসি স্যারের বরাবর অভিযোগ দিয়েছেন এমন খবর পেয়েছি । তবে, কি বিষয়ে অভিযোগ দিয়েছেন সে বিষয়ে আমার জানানেই। বিদ্যালয়ে অনুপস্থিতর বিষয়ে জানতে চাইলে, তিনি বলেন গত ১০ফেব্রুয়ারী তারিখের পর থেকে তিনি স্কুলে অনুপস্থিত। এবং আমাকেও ওনার অনুপস্থিততে মৌখিক বা লিখিত কোন দায়িত্ব অর্পণ করেননি।

বিদ্যালয়ের আরেক শিক্ষক জনাব মুশফিকুর রহমান বলেন, ঘটনা আমরা প্রথমে অস্থায়ী কম্পিউটার অপারেটর মো. রায়হান . কৃষ্ণ কান্তি দাশ, অমিত দে,ওমর ফারুক ও আজিমদের কাছ থেকে প্রধান শিক্ষকের বলাৎকারের বিষয় গুলো জেনেছি।পরে ভূক্তভোগী কয়েকজন শিক্ষার্থীদের কাছ থেকে সরাসরি শুনেছি।এ বিষয়ে জেলা প্রশাসকের কার্য্যলয়েও ডাকা হয়েছে। আমরা আটজন শিক্ষকও সেখানে গিয়েছি। ঘটনার লিখিত বর্ণনা জমা দিতে বলেছে তদন্ত কিমিটি।আমরা সবাই লিখিত প্রতিবেদন জমা দিয়েছি।
জেলা মানবাধিকার কর্মী ডনাই প্রু নেলী বলেন, গত ১০ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুরে বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ে ভুক্তভোগী ছাত্র ও অভিভাবকরা প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলামের বিরুদ্ধে তার শোয়ার রুমে ডেকে বলৎকার করেছে এমন অভিযোগ নিয়ে জেলা সার্ক মানবাধিকার ফাউন্ডেশন অফিসে এসেছিল। পরে ভুক্তভোগী অভিযোগকারী, অভিভাবক ও মানবাধিকার কর্মী অংচমং দাদাকে সঙ্গে নিয়ে জেলা প্রশাসকের নিকট অবহিত করি। এবং ছাত্র ও অভিভাবকেরা আমাদের সামনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ডিসি বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে।
জেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার মো.জসিম উদ্দিন জানান, ঘটনাটি অত্যন্ত লজ্জার ও নিন্দনীয়। ভুক্তভোগী ছাত্র, ছাত্রদের অভিভাবক বিষয়টি লিখিত বা মৌখিক আমাকে জানানো হয়নি বলে আমি বিষয়টি জানতাম না। তবে গেল ১৮ ফেব্রুয়ারী বুধবার সকালে জেলা প্রশাসক কার্য্যলয়ে ডেকে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি নিয়ে আমাকে তলব করা হয়। আমার কাছে যদি কোন অভিযোগ আসে তাহলে ঊধ্বর্তন কর্তৃপক্ষকে যথাযত আনইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য অবহিত করবো।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা উপপরিচালক মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনী জানান, বান্দরবান সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলামের বিষয়ে বলৎকারের বিষয়ে কেউ জানায়নি। জেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসের পক্ষ থেকে কোন অভিযোগও দেইনি। এক সপ্তাহ ধরে বিদ্যায়লের প্রধান শিক্ষকের অনুপস্থিতি বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার কাছে প্রধান শিক্ষক ছুটির আবেদন কিংবা মৌখিক কোন কিছুই বলেননি।
এ বিষয়ে জেলা প্রশাসক শামীম আরা রিনি জানান, বিদ্যালয়ের ভূক্তভোগী ছাত্ররা লিখিত অভিযোগ করেছে। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত চলমান আছে। যদি প্রমাণিত হয় একজন শিক্ষক হিসেবে ছাত্রের সাথে এমন আচরণ ও অপরাধের জন্য শুধু স্থায়ীভাবে চাকরী থেকে বরখাস্ত নয় উপযুক্ত শাস্তি হওয়া উচিত।
এ বিষয়ে জানতে বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের অভিযুক্ত প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলামের অফিসে একাধিকবার গিয়েও পাওয়া যায়নি। তার সাথে এক সপ্তাহ ধরে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও কোনো সাড়া পাওয়া যায়নি।