
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরে নবনিযুক্ত জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দায়িত্বভার গ্রহণ করেছেন। সোমবার (২৭ এপ্রিল) সকাল ৯টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন। এ সময় বিদায়ী জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান ও জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ফরিদা ইয়াসমিন এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ময়মনসিংহের ফুলপুরে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।
জামালপুর সদর উপজেলার বাসিন্দা ফরিদা ইয়াসমিন ফজলুল হক চৌধুরী ও খালেদা বেগম দম্পতির ছয় সন্তানের মধ্যে জ্যেষ্ঠ। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ২০০৪ সালে সরকার ও রাজনীতি বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরে ২৮তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগ দিয়ে সরকারি চাকরিজীবন শুরু করেন তিনি।