
শ্রীবরদী (শেরপুর): শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী হারিয়াকোনা এলাকার একটি পাহাড়ি টিলা থেকে ২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২০ মে) সকালে কর্ণঝোড়া বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাটিতে পুঁতে রাখা অবস্থায় এসব মদ উদ্ধার করে। অভিযানে নেতৃত্ব দেন টহল কমান্ডার নায়েক নাজমুল হোসেন।
বিজিবি সূত্র জানায়, উদ্ধার করা মদের মধ্যে ভারতীয় ব্র্যান্ড ‘McDowell’s’-এর ২০ বোতল ছিল। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
৩৯ বিজিবির কর্ণঝোড়া বিওপি ইনচার্জ নায়েক সুবেদার মো. সাইদুর রহমান বুধবার দুপুরে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, উদ্ধার করা মদের আনুমানিক সিজার মূল্য প্রায় ৩০ হাজার টাকা।
বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্তবর্তী হারিয়াকোনা এলাকার পাহাড়ি টিলাকে কেন্দ্র করে একটি চক্র দীর্ঘদিন ধরে মাদক পাচার ও সংরক্ষণের সঙ্গে জড়িত। সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।