
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: “অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (২০ মে) সকালে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, শেরপুরের উপসহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. নাছিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে জাতীয় পতাকা ও বাহিনীর নিজস্ব পতাকা উত্তোলনের পর বেলুন ও ফেস্টুন উড়িয়ে সপ্তাহব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দেশ ও জাতির কল্যাণে ফায়ার সার্ভিসের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করেন। তিনি বিভিন্ন দুর্ঘটনায় উদ্ধার অভিযানে নিহত ফায়ার সার্ভিস সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং যেকোনো প্রয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, শেরপুরের পাশে থাকার আশ্বাস দেন।
অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, ভলান্টিয়ার ফর বাংলাদেশ শেরপুর ও রেড ক্রিসেন্ট শেরপুরের সদস্যসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।