1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

যৌতুক নির্যাতনে স্বামীর ৩ বছরের কারাদণ্ড

  • আপডেট টাইম :: বুধবার, ২০ মে, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় এক স্বামীকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।বুধবার (২০ মে) দুপুরে শেরপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বুলবুল আহমেদ এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মো. হান্নান মিয়া (৩২) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার চরগোরকপুর গ্রামের মো. আজিজুল হক হকের ছেলে। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন।

বাদীপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম আধার জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনের সর্বশেষ সংশোধনী অনুযায়ী ১১(গ) ধারায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারযোগ্য মামলায় শেরপুরে এটিই প্রথম রায়।

আদালত সূত্রে জানা গেছে, প্রায় সাড়ে চার বছর আগে নালিতাবাড়ী উপজেলা কাপাসিয়া গ্রামের মৃত আব্দুস ছালামের মেয়ে মোছা. কামরুন্নাহারের সঙ্গে হান্নান মিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তিনি স্ত্রীর প্রতি উদাসীন আচরণ করতেন এবং বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন।
মামলার বিবরণে বলা হয়, গত বছরের ২৫ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে কামরুন্নাহারের কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করেন হান্নান। ওই টাকা দিতে অপারগ হওয়ায় তিনি স্ত্রীকে মারধর করেন। পরে আহত অবস্থায় কামরুন্নাহার নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ চিকিৎসা নেন।

পরে একই বছরের ২৯ সেপ্টেম্বর নালিতাবাড়ী সি আর আমলী আদালতে একটি নালিশি মামলা দায়ের করা হলে আদালত তা সরাসরি আমলে নিয়ে আসামিকে হাজির হওয়ার নোটিশ দেন। পরবর্তীতে হান্নান মিয়া আদালতে হাজির হয়ে আপসের শর্তে জামিন নেন। তবে পরে আপস ভঙ্গ করে পলাতক হন।

এরপর আদালত তাঁর অনুপস্থিতিতেই অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম চালান। মামলায় বাদীসহ পাঁচজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com