
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্যসহ আক্তারুজ্জামান নামে একজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২০ মে) বিকেলে সদর উপজেলার পাকুড়িয়া ফকিরপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, আক্তারুজ্জামান দীর্ঘ দিন যাবৎ ভারত থেকে অবৈধভাবে জিরা ও নিম্ন মানের চালসহ বিভিন্ন মশলা এনে রিফাইন করে ও বিষাক্ত সুগন্ধি মিশিয়ে দেশীয় নামিদামি ব্রান্ডের মোড়কে ভরে বিক্রি করে আসছিলেন। পণ্যগুলোর মধ্যে রয়েছে আতপ চাল, হলুদ গুড়া, জিরা গুড়া, মরিচ গুড়াসহ নানা মসল্লা গুড়া। আসন্ন ঈদকে কেন্দ্র করে এসব পণ্য বাজারে ছাড়া হয়েছে। আর প্রতিদিনই ভেজাল পণ্য তৈরি করা হচ্ছিল।
গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ওই ভেজাল মালামাল জব্দ করাসহ আক্তারুজ্জামানকে হাতেনাতে আটক করে। জব্দকৃত মালামাল অন্তত দুই মিনি ট্রাক বলে জানা গেছে।