
বাংলার কাগজ ডেস্ক : কর্মস্থলে অনুমতি ছাড়া অনুপস্থিত থাকা এবং দেরিতে অফিসে আসার অভিযোগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও বিআইডব্লিউটিসির ১৬ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ১৩ জনকে স্ট্যান্ড রিলিজ এবং ৩ জনকে বদলি করা হয়েছে।
শুক্রবার (২২ মে) নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান সম্প্রতি বরিশাল ও ঢাকার বিভিন্ন সরকারি দপ্তরে আকস্মিক পরিদর্শনে যান। এ সময় তিনি দেখতে পান, কয়েকজন কর্মকর্তা-কর্মচারী কোনো পূর্বানুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এছাড়া অনেকে নির্ধারিত সময়ের অনেক পরে অফিসে উপস্থিত হন।
এর পরিপ্রেক্ষিতে বিআইডব্লিউটিএর বরিশাল কার্যালয়ের ড্রেজিং বিভাগ থেকে ৯ জন, নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগ থেকে ২ জন, বন্দর ও পরিবহন বিভাগ থেকে ১ জন এবং হিসাব বিভাগ থেকে ১ জনসহ মোট ১৩ জন কর্মকর্তা-কর্মচারীকে তাৎক্ষণিকভাবে স্ট্যান্ড রিলিজ করা হয়। একই অভিযানে দায়িত্বে অবহেলার অভিযোগে বিআইডব্লিউটিসির আরও ৩ কর্মকর্তা-কর্মচারীকে অন্যত্র বদলি করা হয়েছে।
সরকারি দপ্তরে এমন দায়িত্বজ্ঞানহীন আচরণে অসন্তোষ প্রকাশ করে প্রতিমন্ত্রী সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এদিকে নৌপরিবহন প্রতিমন্ত্রী মন্ত্রণালয়ের অধীন সব কর্মকর্তা-কর্মচারীকে নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থেকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি সরকারি সেবায় শৃঙ্খলা, জবাবদিহি ও সেবার মান নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।