
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুর জেলা পরিষদের উদ্যোগে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত ২১ জনকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। শনিবার সকাল ১১টায় জেলা পরিষদের মিলনায়তন ‘নিসর্গ’-এ আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে সহায়তার চেক তুলে দেওয়া হয়।
জেলা পরিষদ সূত্র জানায়, এ কর্মসূচির আওতায় মোট ১ লাখ ৬৪ হাজার টাকার সহায়তা বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশিদ পলাশ। তিনি বলেন, মানবিক দায়িত্ববোধ থেকে জেলা পরিষদ সবসময় অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী নাজমুল হাসান। তিনি বলেন, সামর্থ্য অনুযায়ী অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে জেলা পরিষদ।
এ সময় জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যক্তিবর্গ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।