
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর আয়োজনে এবং শেরপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ মে ) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার, জেলা ক্রীড়া সংস্থার অফিস সম্পাদক মো. জিন্নাত আলীসহ বিভিন্ন বয়সী খেলোয়াড়, কোচ, ক্রীড়া সংগঠক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থাকতে সহায়তা করে। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলার চর্চার আহ্বান জানান এবং ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের সুনাম বয়ে আনতে নিষ্ঠা ও অধ্যবসায়ের সঙ্গে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দল এবং কৃতী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।